দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বাইরে সমাধান করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।খন্দকার মাহবুব শিগগির এ বিষয়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নতুবা আইনজীবী সমাজ জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে যেন আদালতকে সিদ্ধান্ত নিতে না হয়। আমরা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করি। এ নিয়ে আদালত অঙ্গন উত্তপ্ত হলে ফল কী দাঁড়াবে? আদালত অঙ্গনে যেন অস্থিরতা বিরাজ না করে সে জন্যই এই আহ্বান।’আদালতের বাইরে কী ধরনের সামাধান হতে পারে, এ প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, প্রধানমন্ত্রী চাইলে বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে পারেন।দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য তুলে ধরতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, সহসম্পাদক মোর্শেদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, ৩০ বছর পর রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হয়ে বর্তমান সরকার খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। এটা শুধু অনৈতিকই নয়, মানবিক মূল্যবোধেরও বিরুদ্ধে। তিনি বলেন, খালেদা জিয়ার বাড়ির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বাড়িটি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত। দেশের মানুষ কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে দেবে না। খন্দকার মাহবুব বলেন, ‘আইনের মারপ্যাঁচে অথবা যেকোনো কারণেই হোক, হাইকোর্ট উক্ত আদেশ বহাল রেখেছেন। ফলে দেশ আজ এক ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে। আদালত বিতর্কিত হওয়ার উপক্রম হয়েছে।’ তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের ফলে খালেদা জিয়ার বাড়ির বিষয়টি মীমাংসার জন্য আদালতের অঙ্গনে আসে। এতে মনে হয় সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লোটার চেষ্টা করছে।