আদালতের রায় অনুযায়ী সংবিধান সংশোধন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ লক্ষ্যে দু-এক দিনের মধ্যেই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এ কমিটি আলোচনা করে ঠিক করবে, কীভাবে সংবিধানের সংশোধনী আনা হবে। গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়। সভায় দলীয় প্রধান তৃণমূল নেতাদের বক্তব্য শোনেন। সভা সূত্র জানায়, তাঁদের বক্তব্যে ছাত্রলীগের সন্ত্রাস, যুদ্ধাপরাধীদের বিচার, মন্ত্রী-সাংসদদের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব, টিআর-কাবিখা নিয়ে মতবিরোধ, মহাজোটের অন্য শরিকদের সঙ্গে সম্পর্কের অবনতি ইত্যাদি উঠে আসে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পঁচাত্তরের পর সেনা স্বৈরশাসকেরা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে বৈধ ও পাকাপোক্ত করতে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে। এ অবস্থা থেকে ফিরে আসার জন্যই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক। হাইকোর্টের রায়ের আলোকেই সংবিধান সংশোধন করে গণতন্ত্র সুসংহত করতে হবে।সভার শুরুতে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য তৃণমূল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে যে মহান দায়িত্ব দিয়েছে, সে আস্থার প্রতিদান দিতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, এ বছর এক হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। প্রতিবছর নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। ভর্তিসমস্যার সমাধানে রাজধানী ঢাকায় আরও ১০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে।আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে সাভারে নির্মিতব্য ২৫০ শয্যাবিশিষ্ট ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের একটি ‘স্লাইড শো’ দেখানো হয় সভায়।সাংগঠনিক আলোচনা: সাংগঠনিক আলোচনা সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে টানা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। এ সময় তৃণমূলের প্রায় ৪০ জন নেতার বক্তব্য শোনেন শেখ হাসিনা। সভা সূত্রে জানা গেছে, তৃণমূলের এক নেতা বলেন, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আরেকজন নেতা বলেন, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছে বলে বক্তব্য এসেছে। এ বিষয়ে দলের করণীয় কী হবে।সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, ছাত্রলীগে শিবির ঢুকেছে বলে তাঁর কাছে খবর আছে। তালিকাও করা হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী ওই নেতাদের আশ্বাস দেন, শিগগিরই ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।সভায় সরকারের কৃষি খাতে ভর্তুকি ও যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করায় সরকারকে ধন্যবাদ জানান তৃণমূলের নেতারা। অনেক নেতা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর দলের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। দলের কাজেও গতি কমে গেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দলকে শক্তিশালী করার জন্য কার্যনির্বাহী সংসদের আগামী বৈঠকেই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হবে।সাতক্ষীরার একজন প্রতিনিধি বলেন, তাঁর এলাকায় জাতীয় পার্টির সাংসদ হওয়ায় টিআর-কাবিখা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগ শক্তিশালী হলেও দলীয় সাংসদ না থাকায় সেখানে তাঁরা কোণঠাসা হয়ে পড়ছেন। যেসব নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বাইরে মহাজোটের শরিকদের সাংসদ রয়েছেন, সেখানকার প্রতিনিধিরা শরিকদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন।তৃণমূলের আরেক নেতা অভিযোগ করেন, পুলিশ থেকে শুরু করে প্রশাসনে যেসব কর্মকর্তা বিএনপি আমলে দাপট দেখাতেন, সেসব কর্মকর্তা বর্তমান সরকারের আমলেও দাপিয়ে বেড়াচ্ছেন। আরেক নেতার অভিযোগ, দলের কর্মীদের চাকরির জন্য তালিকা পাঠানো হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।দলের সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মীদের টিআর-কাবিখা থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, যাঁরা চাল-গম থেকে দূরে থাকবেন, তাঁরাই ভালো থাকবেন। আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনা করা হবে। মহাজোটের শরিকদের সঙ্গে দলীয় নেতাদের সমন্বয় করে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মতো গুরুত্বপূর্ণ ও জটিল দায়িত্ব পালন করছে। এ অবস্থায় সমমনা শক্তির দরকার আছে। তাই আওয়ামী লীগের কর্মীদের কিছুটা ছাড় দিতে হবে।আলোচনার মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দ আশরাফুল ইসলাম ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, দীপু মনি, মাহবুবুল আলম হানিফ প্রমুখ।