আদালতের রায় মানা সংসদের জন্য বাধ্যতামূলক নয়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যেভাবে আছে, সেই ভাবে বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এই নিয়ে সরকারের সঙ্গে বা সংসদে গিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে বিশেষ কমিটির প্রস্তাব ও প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শনিবার গুলশানে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বিএনপির অবস্থান পরিষ্কার করেন।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সরকার বিতর্কিত এক রায়ের ছুতা ধরে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার কোনো সুযোগই নেই। বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে আবার তিনি বিরোধী দলকে সংসদে এসে মতামত দেওয়ার আহ্বান জানাচ্ছেন। কোনো সুযোগই যদি না থাকে, তাহলে বিরোধী দলের মতামত দিয়ে লাভ কী?’ তিনি বলেন, আদালতের রায় মানা সংসদের জন্য বাধ্যতামূলক নয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের অবস্থানের কারণে আলোচনার কোনো প্রয়োজন নেই। আলোচনা মানে সময়ক্ষেপণ। সংসদে যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিল আনা হয়, সেখানে বিএনপির আলোচনা করার প্রয়োজন কি?’ আলোচনা করতে প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একেক সময় একেক কথা বলেন।’সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলে বা চেষ্টা চালানো হলে বিএনপি কঠোর ও টানা আন্দোলন কর্মসূচি দেবে। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপচেষ্টার পরিণাম ও পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এর মাধ্যমে সরকার দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কারণে এক-এগারো আসেনি। এটা ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ। আর এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল।তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা বহাল থাকলে বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। তাহলে বিএনপি কেন তাঁকে মানবে না, ‘এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, বিচারপতি খায়রুল হক নিরপেক্ষ নন। আমি ও ড. মুহাম্মদ ইউনূস এই বিচারপতির কাছ থেকে ন্যায়বিচার পাইনি। তা ছাড়া কয়েকজন বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছে। এতে বুঝতে বাকি থাকে না সরকার কী উদ্দেশ্যে এটা করেছে।’ তিনি সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারেরও বিরোধিতা করেন।হরতাল প্রত্যাহারের বিষয়ে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে খালেদা জিয়া বলেন, ‘কোনো ব্যবসায়ী সংগঠন নয়, বলুন একজন ব্যবসায়ী এমন কথা বলছেন। যে ব্যবসায়ী এ কথা বলছেন, তিনি তো আওয়ামী লীগের ক্যাডার। তাঁর কথায় কী যায় আসে।’খালেদা জিয়া হরতালের যৌক্তিকতা তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের উদ্যোগের বিরুদ্ধে ও জনগণের ভোটাধিকার রক্ষার জন্য এ হরতাল দেওয়া হয়েছে। এই হরতাল ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়। এটা জাতীয় স্বার্থে। তাই হরতালে সকলকে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।প্রসঙ্গত, এর আগে বিএনপির ডাকা হরতালগুলো হয়েছে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা এবং তিনি ও তাঁর দুই ছেলের মামলা প্রত্যাহারের দাবিতে।