আদালতের রায় মেনে নিয়োগের দাবি ২৭তম বিসিএস বঞ্চিতদের
হাইকোর্টের রায় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত নিয়োগ দাবি করেছেন ২৭তম বিসিএসের প্রথম ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ চাকরি-বঞ্চিতরা। একই সঙ্গে পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথমবার প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তান সারোয়ার মামুন চৌধুরী। এ সময় মাহফুজুর রহমান, নাসিরউদ্দিন, কামাল হোসেনসহ বঞ্চিত শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বঞ্চিতরা বলেন, চাকরির দাবিতে তাঁরা যখন আন্দোলন করছিলেন, তখন গত বছরের ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের দুজন মন্ত্রী এসে তাঁদের চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩ এপ্রিল তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। এর পরে আদালত তাঁদের চাকরি দেওয়ার নির্দেশনা দেন। কাজেই আর দেরি না করে অবিলম্বে তাঁদের চাকরি দেওয়া উচিত।