বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় কমিটির সভা
আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের সুপারিশ
পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের সুপারিশ করেছে বিশেষ সংসদীয় কমিটি। সর্বোচ্চ আদালত যেদিন রায় দিয়েছেন, সেদিন থেকেই এটি সংবিধানের অংশ হিসেবে গণ্য হবে। সংবিধান পুনর্মুদ্রণের পর কমিটির পরবর্তী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে দিনভর বৈঠক শেষে বিশেষ কমিটি এ সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের মধ্যে সভায় যোগ দেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এম জহির, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও সাংসদ ফজলে নূর তাপস। তাঁরা সংবিধান সংশোধন বিষয়ে মতামত দেন। বেশির ভাগ বিশেষজ্ঞই দ্রুততম সময়ে রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের পর বিশেষ কমিটির কাজ শুরুর পক্ষে মত দেন। তাঁরা বলেন, সংসদের এই বিশেষ কমিটি রায়ের বাইরেও সংবিধানের অন্যান্য বিষয়ে সংশোধন করার সুপারিশ করতে পারে।কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, রহমত আলী, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, আনিসুল ইসলাম মাহমুদ, হাছান মাহমুদ ও শিরীন শারমিন চৌধুরী। আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদ বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন।সভায় দ্রুততম সময়ে আইন মন্ত্রণালয়কে রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করতে বলা হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ এ সময় বলেন, কমিটির সিদ্ধান্ত অনুসারে স্বল্প সময়ে সংবিধানের পুনর্মুদ্রণ শেষ করা হবে, যাতে কমিটির পরবর্তী কাজ করতে সুবিধা হয়।সভা শেষে কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় অনুমোদন করে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য সংবিধান পুনর্মুদ্রণ করতে হবে। পুনর্মুদ্রণের মাধ্যমে রায় অনুযায়ী সংবিধানে যেটুকু অবৈধ আছে তা বাদ যাবে। আর অবৈধভাবে যা বাদ দেওয়া হয়েছে, তা সংযুক্ত করা হবে। মূলত আদালত যেদিন রায় দিয়েছেন, সেদিন থেকে তা সংবিধানের অংশ হয়ে গেছে। এ জন্য কমিটি দ্রুততম সময়ে সংবিধান পুনর্মুদ্রণ করতে বলেছে আইন মন্ত্রণালয়কে।সুরঞ্জিত সেন বলেন, অষ্টম সংশোধনী মামলার রায় যেভাবে কার্যকর করা হয়েছিল, ঠিক সেভাবেই এটি কার্যকর করা হবে। ছাপার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। সংবিধান ছাপা হওয়ার পর তাতে যদি কোনো অসংগতি থাকে, সেটা সংবিধান সংশোধন কমিটি বিবেচনা করে দেখবে। আর যত দিন ছাপা না হচ্ছে, তত দিন কমিটির কোনো বৈঠক হচ্ছে না।গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগের ছয়জন বিচারপতি গত ২৭ জুলাই রায়ে সই করেন। এরপর বিতর্ক শুরু হয়—সংবিধান সরাসরি পুনর্মুদ্রণ করা হবে, নাকি এটা সংসদের এখতিয়ার। সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটিও গঠন করা হয়। এর প্রথম বৈঠক বসে ২৯ জুলাই। সেদিন কমিটি থেকে আদালতের রায়ের ব্যাপারে আইন মন্ত্রণালয় ও আইন কমিশনের মতামত চাওয়া হয়।