আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করবে শেভরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সালিসি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছে শেভরন বাংলাদেশ। কোম্পানির একটি নির্ভরযোগ্য সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (আইসিএসআইডি)’-এর রায়কে শেভরন স্বাগত জানায়। তারা ওই রায় অনুযায়ী কাজ করবে।উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের তেল-গ্যাসক্ষেত্রে কর্মরত মার্কিন কোম্পানি শেভরন ২০০৬ সালের ১৭ মার্চ আইসিএসআইডিতে একটি সালিসি মামলা করেছিল। এ মামলায় বিরোধের বিষয়টি ছিল, শেভরন পরিচালিত ক্ষেত্র থেকে তোলা গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য পেট্রোবাংলা টাকা (চার শতাংশ হুইলিং চার্জ) পাবে কি না। শেভরন জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস তুলে যখন সঞ্চালন লাইনে দিতে শুরু করে, তখন থেকে পেট্রোবাংলা চার শতাংশ হারে ‘হুইলিং চার্জ’ কাটতে থাকে। শেভরন বিষয়টিতে আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক ও আলাপ-আলোচনা হয়। কিন্তু তাতে কোনো মীমাংসা না হওয়ায় শেভরন ওয়াশিংটনভিত্তিক ওই সালিসি আদালতে মামলা (রিকোয়েস্ট ফর আরবিট্রেশন) করে। এরপর শেভরন পরিচালিত বিবিয়ানা ও মৌলভীবাজার ক্ষেত্রের গ্যাস সঞ্চালনের ব্যাপারেও একই বিরোধ এই মামলার অন্তর্ভুক্ত হয়।মামলায় শেভরনের বক্তব্য ছিল, তারা তাদের পরিচালিত ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড পর্যন্ত (এ ক্ষেত্র জালালাবাদ থেকে কৈলাসটিলা পর্যন্ত) পাইপলাইন করে গ্যাস পৌঁছে দিচ্ছে। এরপর জাতীয় গ্রিড ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সঞ্চালনের দায়িত্ব পেট্রোবাংলার, শেভরনের নয়। তাই এ জন্য শেভরনের ওপর হুইলিং চার্জ আরোপ করা যায় না।আর পেট্রোবাংলার বক্তব্য ছিল, জালালাবাদ ক্ষেত্রের জন্য স্বাক্ষরিত পিএসসির ১৪ ধারায় বলা হয়েছে, গ্যাস রপ্তানির ক্ষেত্রে জাতীয় গ্রিড ব্যবহারের জন্য শেভরন চার শতাংশ হারে হুইলিং চার্জ দেবে। একইভাবে ১৪ ধারার ৭ দশমিক ৩ উপধারায় বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের গ্যাস সঞ্চালনের জন্য ক্ষেত্রে একই হারে হুইলিং চার্জ দেওয়ার কথা।দুই পক্ষের এ বক্তব্যের ভিত্তিতে ওই আদালতে প্রথম শুনানি হয় ২০০৭ সালের ১৪ এপ্রিল নেদারল্যান্ডের হেগ শহরে। এরপর শুনানি (মেরিট পর্যায়ে) হয় ২০০৮ সালের ৭ জুলাই ওয়াশিংটনে। চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় এখন থেকে ঠিক এক বছর আগে, ২০০৯ সালের ১৭ ও ১৮ মে। মামলার ফলাফল পেট্রোবাংলাকে জানায় ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। সহায়তা করেন আইনবিদ টোবি ল্যান্ডউ, অধ্যাপক লরেন্স বাইসন, ড. পেস্ট্রভন মায়ার্স, জেরেমি কার্ভার প্রমুখ।কোনো আন্তর্জাতিক আদালতে এ ধরনের সালিসি মামলায় বাংলাদেশের এটিই প্রথম জয়।