আদালতের সিদ্ধান্তের পর টু-জি লাইসেন্স নবায়ন: বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটরদের একই সময়ে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে বিটিআরসি জানিয়েছে, আদালতের সিদ্ধান্তের পর তার ভিত্তিতে টু-জি লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত চার মোবাইল অপারেটর তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এই নির্দেশনাপত্র বিটিআরসিতে আসে। বিটিআরসিও টু-জি লাইসেন্স নিয়ে বৈঠক করে উল্লিখিত সিদ্ধান্ত নেয়।বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, যেহেতু নবায়ন, ভ্যাট ও এমসিএফের (মার্কেট কমপিটিশন ফ্যাক্টর) বিষয় আদালতে বিচারাধীন, সেহেতু আদালতের সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত অপারেটরগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।’ এরই মধ্যে এসব বিষয় সংশ্লিষ্ট অপারেটরদেরও জানানো হয়েছে বলে জানান বিটিআরসির প্রধান।এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক নির্দেশনাপত্রে আইনি বাধা না থাকলে এবং নীতিমালার শর্ত পূরণ করা হলে টু-জি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স একই সময়ে নবায়ন করার জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়।মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন সহকারী সচিবের সই করা এই নির্দেশনাপত্রে বলা হয়েছে, মোবাইল অপারেটরদের স্পেকট্রামের ক্ষেত্রে মার্কেট কমপিটিশন ফ্যাক্টর প্রযোজ্য হবে না। এ ছাড়া কোম্পানিগুলোই উেস ভ্যাট কেটে রেখে বিটিআরসিকে ফি, চার্জ ও রেভিনিউ শেয়ারিংয়ের অর্থ পরিশোধ করবে।লাইসেন্স নবায়ন নিয়ে কয়েকটি অপারেটর নীতিমালার কয়েকটি বিধান স্পষ্ট করার অনুরোধ জানিয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের ওই নির্দেশনাপত্রে বলা হয়, বিটিআরসি ইস্যুকৃত নোটিশে গ্রামীণফোন ও বাংলালিংককে প্রদানকৃত যথাক্রমে ৭.৪ মেগাহার্জ ও ২.৬ মেগাহার্জ স্পেকট্রামের ক্ষেত্রে গাইডলাইনের অনুচ্ছেদ ৮-এ বর্ণিত মার্কেট কমপিটিশিন ফ্যাক্টর প্রযোজ্য করা হয়েছে। এ ছাড়া বিটিআরসির নোটিশে মোবাইল লাইসেন্স নবায়নের জন্য প্রযোজ্য সব ফি ও চার্জ কোনো রকম কাটছাঁট ছাড়াই পরিশোধ করতে বলা হয়েছে। অর্থাত্ মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১-এর ১৮ (ঙ) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের ধার্য করা মূল্য সংযোজন কর (ভ্যাট) উেস কর্তন করা যাবে না।এ বিষয়ে মন্ত্রণালয় বলেছে, মোবাইল লাইসেন্স নীতিমালা অনুযায়ী ২০০৮ সালের বরাদ্দ করা স্পেকট্রামের ক্ষেত্রে মার্কেট কমপিটিশন ফ্যাক্টর প্রযোজ্য হবে না। অর্থাত্ অপারেটরদের গ্রাহকসংখ্যার ভিত্তিতে স্পেকট্রাম ফি নির্ধারণ করা যাবে না।এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মূল্য সংযোজন কর বিধিমালার অধীনে লাইসেন্স নবায়ন ফি এবং লাইসেন্স শর্তাধীনে ফি/চার্জ/রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলোই (সুবিধা গ্রহণকারী) প্রযোজ্য মূসক উেস কর্তন করে বিটিআরসি (সুবিধা প্রদানকারী) কর্তৃপক্ষকে অর্থ প্রদান করবে।মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, এ দুটি বিষয়ে একাধিক মোবাইল অপারেটর আদালতের নির্দেশনা চেয়েছে। তবে এ ব্যাপারে আদালতের কোনো বিধিনিষেধ নেই বলেও মন্ত্রণালয়কে জানিয়েছে তারা।তা ছাড়া ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অপারেটরের লাইসেন্স নবায়ন করা হলে এ খাতে বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে উল্লেখ করে একই সময়ে লাইসেন্স নবায়ন করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। সে অনুযায়ী আজকের মধ্যে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা ছিল। লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল এরই মধ্যে নবায়ন ফি ও স্পেকট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে। তবে স্পেকট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে গ্রামীণফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছেন আদালত।৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। স্পেকট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই।এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন আদালত। এর আগে বাংলালিংকও বিটিআরসির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ এনে আদালতে যায়। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা আসে আদালত থেকে।