আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চলবে: ছহুল হোসাইন
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতার ওপর আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন। ছহুল হোসাইন আরও বলেন, মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত সঠিক ছিল। আদালত এ ব্যাপারে যে স্থগিতাদেশ দিয়েছেন তা হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।উল্লেখ্য, গতকাল রোববার জাতীয় সংসদে চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।সেই সঙ্গে গেজেটটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করছেন আদালত। সংসদ সদস্যপদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ স্থগিতাদেশ দেন।