আদিবাসী উচ্ছেদের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়া থেকে আদিবাসী ২২ পরিবারকে উচ্ছেদের অভিযোগের সত্যতা পেয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটি বলছে, জমির অবৈধ দখল নিতে এই উচ্ছেদের ঘটনা ঘটে। কিন্তু এ ঘটনার সময় স্থানীয় প্রশাসন নিষ্ক্রিয় ছিল।আদিবাসীপাড়ার চারপাশে অবৈধভাবে জমি দখলকারী ১৪ জনের একটি তালিকাও করেছে কমিটি। ৫৮২ একর জমি তাঁদের দখলে। তাঁদের মধ্যে চারজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। ওই ১৪ জনকে অবিলম্বে গ্রেপ্তার এবং দখলে থাকা জমি পুনরুদ্ধার করে আদিবাসীদের ফিরিয়ে দেওয়াসহ তাঁদের নিরাপত্তার সুপারিশ করেছে কমিটি।গত ১২ মে আদিবাসী নাগরিক সংগঠন ক্যাপেইং ফাউন্ডেশন চাকপাড়া থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিকার চেয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন করে। কমিশনের অনুরোধে ওই ঘটনা তদন্তে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর হোসেনকে নিয়ে এক সদস্যের কমিটি করা হয়। কমিটি ২৯ থেকে ৩১ মে বান্দরবান সফর করে জেলা প্রশাসন ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যানসহ ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয় বাঙালিদের কাছ থেকে তথ্য ও মতামত নিয়ে এই প্রতিবেদন তৈরি করে। ১১ জুন কমিটি ৩২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় কমিশনের কাছে।বাদুরঝিড়ি চাকপাড়া বান্দরবান শহর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে অবস্থিত। এলাকা ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বহিরাগত প্রভাবশালী ব্যক্তিরা শত শত একর বন পরিষ্কার করে রাবার ও একাশিয়ার বাগান করছেন। দুর্গম এই এলাকায় আদিবাসীদের জুম চাষ বন্ধ হয়ে গেছে। প্রায় প্রতিদিন বাজার থেকে ফেরার পথে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পাড়ায় ২২টি চাক পরিবার ছিল। আটটি পরিবার গত বছর পাড়া ছেড়ে চলে যায়। গত ১৩ মার্চ ডাকাতির ঘটনার পর এলাকা ছেড়েছে আরও ১৪টি পরিবার। জানা গেছে, ইউনিয়নের অন্যত্র তারা আশ্রয় নিয়েছে।ওরা ১৪ জন: প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ দখলদার ১৪ জনের মধ্যে শামসুল আলম ও জালাল আহমেদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো. আলম গত নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী এবং কালাম একটি রাজনৈতিক দলের স্থানীয় শাখার বড় পদে রয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ওই চারজনই আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে মো. আলম আওয়ামী লীগের বাইশারি ইউনিয়নের সভাপতি। অবৈধ দখলের বিষয়টি তিনি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কেউ বাগান করতে চাইলে চুক্তির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে বাগান করে দিই।’স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা: তদন্ত প্রতিবেদনে বলা হয়, জমি দখল, রাস্তাঘাটে হেনস্তাসহ পূর্বাপর বিভিন্ন ঘটনার কারণে চাকরা তাদের বাস্তুভিটা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ১৩ মার্চ রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল পাড়া আক্রমণ করে মালামাল লুট করে এবং তাদের জীবননাশের হুমকিও দেয়। এ ঘটনায় মামলা না হওয়ার ব্যাপারে তদন্ত কমিটি বলেছে, ‘এত বড় একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ কেন মামলা রুজু করল না, সেটা একটা প্রশ্নসাপেক্ষ বিষয়।’ক্যাপেইং ফাউন্ডেশনের অভিযোগ ছিল, একই ধরনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাঁচ বছর আগে লঙদু চাকপাড়ার আদিবাসীরা এলাকা ছেড়ে চলে যায়। তদন্ত প্রতিবেদন বলছে, লঙদু চাকপাড়ার ঘটনাটি সত্য এবং প্রশাসন নিষ্ক্রিয় থাকার বিষয়টি মিথ্যা নয়।এ বিষয়ে পুলিশ সুপার কামরুল আহসান জানান, প্রতিবেদনে ১৪ জনকে গ্রেপ্তারের সুপারিশ করা হলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। উচ্ছেদ হওয়া বাদুরঝিড়িপাড়াবাসী গত বুধবার একটি মামলা করেছে। এই মামলার তদন্ত হচ্ছে।প্রশাসনের সমালোচনা: বান্দরবানে অবৈধ ভূমি দখলদারদের বিচারের সম্মুখীন হতে হয় না, একবার দখল করতে পারলে সেই জমি নির্বিঘ্নে ভোগ করা যায়, জরিপ হয়নি বলে জমির সুনির্দিষ্ট চৌহদ্দি নেই, জনপ্রতিনিধি ও প্রশাসন অবৈধ দখলদারদের পক্ষ নেয় এবং এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ কোনো ভূমিকা পালন করে না।তদন্ত কমিটি বলছে, ভূমি অবৈধ হস্তান্তরের পেছনে জেলা প্রশাসনের ভূমিকা রয়েছে। পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী ভূমি হস্তান্তরের জন্য পরিষদের আগেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু জেলা প্রশাসন এটা মানে না।বিপুল পরিমাণ জমি সরকারের বেহাত হয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তা ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা ২৫ একরের শত শত প্লট ইজারা নিয়েছেন। অনেকে ইজারার শর্ত ভঙ্গ করছেন।এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছুটা ব্যর্থতা রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। তিনি আরও বলেন, স্থানীয় উপজেলা কর্মকর্তাকে বৈধ মালিকানায় থাকা জমির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে।