আদিবাসী খাসিয়া পানপুঞ্জিতে উৎপাদন ব্যাহত
খরার কবলে পড়ে মৌলভীবাজার জেলার আদিবাসী খাসিয়া পানপুঞ্জিতে চলতি বছরে খাসিয়া পানের উৎপাদন মারাত্মক ব্যাহত হয়েছে। যেখানে মার্চ মাসে পান তোলার মৌসুম শুরুর কথা, সেখানে মে মাসেও সব পানপুঞ্জি থেকে নতুন পান ওঠানো সম্ভব হয়নি।সময়মতো পান তোলা সম্ভব না হওয়ায় পানচাষের ওপর নির্ভরশীল অনেক আদিবাসী খাসিয়া পরিবার ঋণের জালে জড়িয়ে পড়েছে। প্রায় ১০ হাজার আদিবাসীর জীবিকার প্রধান উৎসই হচ্ছে খাসিয়া পানচাষ।মাগুরছড়া পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জিডিসন প্রধান সুচিয়াং প্রথম আলোকে বলেন, ‘খরায় এ বছর কম করেও আদিবাসীদের খাসিয়া পানের উৎপাদন ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে। কোনো কোনো পুঞ্জিতে ৫০ শতাংশও হতে পারে। খাসিয়া পান উৎপাদন সম্পূর্ণ বৃষ্টির ওপর নির্ভরশীল। একবার খরা হলে সারা বছরই উৎপাদনে ক্ষতির রেশ চলে। কিছু বৃষ্টি দিয়ে মাঝখানে আবার বৃষ্টি বন্ধ ছিল। যে গাছ মারা যায়, সেখানে নতুন গাছ রোপণ করা হলেও সে গাছ থেকে পূর্ণ উৎপাদন পেতে দুই আড়াই বছর লেগে যায়।’ আন্তপুঞ্জি আদিবাসী খাসিয়া সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং প্রথম আলোকে বলেন, ‘মার্চ মাসে কচি পান ওঠানোর কথা। এক-দুই ঘর হয়তো ওঠাতে পেরেছে। অধিকাংশই পান ওঠাতে পারেনি। জলবায়ু পরিবর্তনের কারণে অনেকে চাইলেও জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত গাছে পান রাখতে পারছে না। পান লাল হয়ে ঝরে যায়। খরায় অনেক গাছ মারা গেছে। এখন কিছু বৃষ্টি হলেও পান তোলার মতো অবস্থায় যেতে অনেক সময় লাগবে। প্রকৃতির ওপর নির্ভর করা পানচাষের ভবিষ্যৎ যে কী, তা নিয়ে উদ্বেগের মধ্যে আছি।’ কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, খাসিয়া পানের ওপর কৃষি বিভাগের আলাদা কোনো কাজ নেই। যে কারণে আদিবাসী খাসিয়া পানের লক্ষ্যমাত্রা বা সুনির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই। তবে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় খাসিয়া পানের উৎপাদন কমে যাবে বলে সূত্র জানিয়েছে।