গ্রামের নাম চাপড়া। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের শতাধিক বছরের পুরোনো একটি সাঁওতাল গ্রাম। ৫০টি পরিবারের প্রায় সব বাড়িতেই মাটির দেয়ালের ওপর টিনের চাল। কিছু মাটির তৈরি দোতলা বাড়ি। বাড়িগুলো লেপে-পুছে ঝকঝকে তকতকে করে রাখা। সাঁওতালদের বাড়িগুলোই এমন। গ্রামের বেশ কটি দোতলা বাড়ি দেখে মনে হয়, বড় কোনো জোতদারের বাড়ি। খোঁজ নিয়ে জানা যায়, আসলে তা নয়, এ গ্রামের জমিওয়ালা পরিবার মাত্র পাঁচটি। তাদের জমির পরিমাণ দু-তিন বিঘার বেশি নয়। এ গ্রামের বাকি পরিবারগুলো দিনমজুর ও বর্গাচাষি। গ্রামের সবাই কর্মঠ। খেয়ে না খেয়ে বাড়িগুলো পরিপাটি করে তৈরি করা হয়েছে বলে জানান গ্রামের লোকজন। ঘরবাড়ি নিয়ে সন্তুষ্ট থাকলেও রাস্তাঘাট ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার বঞ্চনা নিয়ে দুঃখের সীমা নেই গ্রামের বাসিন্দাদের। রাস্তা না থাকায় দ্রুত হাসপাতালে নিয়ে যেতে না পারায় সম্প্রতি এ গ্রামের একজন গর্ভবতী নারী মারা গেছেন। ২৪ মে নিয়ামতপুর উপজেলার সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরের বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত এই গ্রামে গেলে গ্রামের ৩০-৩৫ জন নারী-পুরুষ জড়ো হয়। গ্রামের সংগঠন বাহা সন্দেশ (একগুচ্ছ ফুল) ফোরাম পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বারন্দায় জড়ো হয় তারা। জড়ো হওয়াদের মধ্যে ছিল কয়েক দিন আগে মারা যাওয়া গর্ভবতী নারী আগনেস মুর্মুর স্বামী আন্তন সরেন (৪২), লোগো মার্ডি (৬৫), এ বছর এসএসসি পাস করা সেলিনা মুর্মু, দশম শ্রেণীর ছাত্রী প্রিসিলা হেমব্রম, প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন মুর্মু, গ্রামপ্রধান মঝি হারাম আন্সিয়াস মার্ডিসহ নানা বয়সী নারী-পুরুষ। কয়েক দিন আগে আগনেস মুর্মুর মুত্যু নিয়েই কথাবার্তা বলছিল তারা। এর মধ্যেই দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে নীরবে চোখের জল ফেললেন আন্তন সরেন। এ সময় কয়েকজন নারীও নীরবে চোখ মোছেন। উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামরা সাঁতাল বুলেই কি এই অবহেলা? নাহিলে এক-দেড়শ বছরের গ্রাম; কিন্তুক এখুনো রাস্তা হলো না। আগনেস বিনা চিকিৎসায় মারা গেল, হামরা তাকে হাসপাতাল লিয়া যাইতে পারনু না। বর্ষাকালে হামরাকে হেলে (সাঁতার দিয়ে) খারি খাল পার হোতে হয়। হামাদের কষ্টের কথা কে শুনবে?’ আগনেসের অকাল মৃত্যুতে শোকাহত নারীরা বলেন, ‘আগনেস প্যাটের ব্যথাতে ছটফট করল। তখুন গাঁয়ে কোনো মরদ লোক নাই। হামরা কাটলা সাজালাম। কিন্তু রাস্তার জন্যে হাসপাতালে লিয়ে যেতে পারলাম না। রাস্তা থাকলে হামরা মেয়েলোকই আগনেসকে হাসপাতালে লিয়ে যেতে পারতাম।’চাপড়া গ্রামের নারী-পুরষেরা ক্ষুব্ধ কণ্ঠে জানান, তাঁরা এক বিচ্ছিন্ন জনপদের মানুষের মতোই বসবাস করেন। এ গ্রামে ভালো ভালো বাড়ি থাকলেও কোনো বাড়িতে টেলিভিশন বা রেডিও নেই। জাতীয় কোনো গুরুত্বপূর্ণ খবর তাঁরা জানতে পারেন না। গ্রামের ছেলেরা পাশের গ্রামে খেলাধুলা করতে গেলে বা গ্রামের লোকজন উপজেলা সদরে গেলে, তাদের মাধ্যমে যতটুকু খবর আসে, তা-ই জানতে পারেন গ্রামের লোকজন। গ্রামে নেই বিদ্যুৎ। টেলিভিশন দেখবে কেমন করে তারা?’ গ্রামে পানি সরবরাহের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। ৫০টি পরিবারের জন্য মাত্র দুটি হস্তচালিত নলকূপ। খরার সময় প্রায়ই অচল হয়ে পড়ে নলকূপ দুটি। তখন মাঠে সেচকাজে ব্যবহূত শ্যালোচালিত নলকূপই ভরসা। কলস-বালতি নিয়ে দূর-দূরান্তের মাঠে গিয়ে পানির জন্য ভিড় জমাতে হয় গ্রামের নারী ও শিশুদের। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীও এ গ্রামে আসেন না কখনো। গ্রামের গর্ভবতী মা ও শিশুদের টিকা দিতে হলে পাশের গ্রামে যেতে হয়। গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা আছে মাত্র দুটি পরিবারের। বাকিরা খোলা স্থানে মলত্যাগ করে। এবার গ্রাম থেকে এসএসসি পাস করেছে দুজন। তাদের মধ্যে নিয়ামতপুর উপজেলা সদরের নিয়ামতপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাস করা সেলিনা মুর্মু জানায়, তাকে বিদ্যালয়ে যেতে খারি সাঁতরে পার হতে হয়েছে বর্ষকালে বহু দিন। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। গ্রামের খেতমজুর নারী-পুরুষদেরও বিজলী ও ভালাতৈড় গ্রামের দিকে কাজে গেলে খারি সাঁতরে পার হতে হয় বর্ষাকালে। এ জন্য বর্ষাকালে অতিরিক্ত কাপড় রাখতে হয়।গ্রামের ইমানুয়েল সরেন ২৬ মে জানান, দেড় কিলোমিটার দূরে পাশের চাপড়া বাঙালি গ্রামে ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন এলাকার সাংসদ সাধন কুমার মজুমদার। গ্রামের প্রায় সব নারী-পুরুষ গিয়েছিল অনুষ্ঠানে। তাদের পরিকল্পনা ছিল সাংসদকে বলা, যেন তিনি তাদের গ্রাম থেকে বাঙালি গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার ব্যবস্থা করে দেন। পাকা না হলেও যেন মাটির রাস্তা হয়। কিন্তু উদ্যোক্তারা সাংসদের সঙ্গে তাদের কথা বলার সুযোগ দেননি। অথচ আগে থেকে কথা ছিল, তাদের সঙ্গে সাংসদের কথা বলার সুযোগ করে দেওয়া হবে। তারা মর্মাহত হয়ে ফিরে আসে অনুষ্ঠান থেকে। ইমানুয়েল সরেন জানান, এখন গ্রামের লোক প্রস্তুতি নিচ্ছে উপজেলা সদরে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার।ভাবিচা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, এ গ্রাম থেকে অন্য গ্রামে যেতে কোনো সংযোগ সড়ক নেই। সড়ক করতে হলে মানুষের জমি সরকারিভাবে অধিগ্রহণ করতে হবে অথবা উদ্বুদ্ধ করে জমি নিতে হবে। এ জন্য এলাকার সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ প্রয়োজন।