আদিবাসী নারী সেনা কর্মকর্তা লাঞ্ছিত, গ্রেপ্তার ৪
আদিবাসী নারী সেনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে রাঙামাটির রাজবন বিহার থেকে চার আদিবাসী তরুণকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো: মুক্তবীর চাকমা, শ্যামলজ্যোতি চাকমা, সুপ্রিয় চাকমা ও জিতেন চাকমা। পুলিশ জানায়, গতকাল শনিবার আদিবাসী নারী সেনা কর্মকর্তা তনয়া চাকমা আত্মীয়র বিয়েতে খাগড়াছড়ি থেকে রাঙামাটি যান। সন্ধ্যায় তিনি তিন সহকর্মী সেনা কর্মকর্তাকে নিয়ে রাঙামাটির রাজবন বিহার দেখতে যান। এ সময় তাঁরা সবাই ছিলেন সাদা পোশাকে। সেখানে আদিবাসী চার তরুণ তনয়া চাকমার কাছে জানতে চায়, বাঙালিদের সঙ্গে বনবিহারে কেন গেছেন। এ সময় তনয়া চাকমা তাঁর পরিচয় দেন। পরিচয় জানার পরও তরুণেরা তাঁকে লাঞ্ছিত করে। ওই সময় তাঁর সঙ্গী সেনা কর্মকর্তারা নিজেদের পরিচয় দিয়ে বিষয়টা জানতে চাইলে তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে আদিবাসী তরুণেরা।পরে খবর পেয়ে একদল সেনা ও পুলিশ সদস্য বনবিহারে গিয়ে বিহার পরিচালনা কমিটির সহায়তায় চার তরুণকে আটক করেন। পরে পুলিশ বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় ওই চার তরুণের বিরুদ্ধে মামলা করে।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী বলেন, ‘ঘটনার সঙ্গে যেহেতু সরকারি কর্মকর্তা জড়িত, সে কারণে আমরা বাদী হয়ে মামলা করেছি। ওই চার তরুণকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’