রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যাকারী আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডির শেষকৃত্য গত সোমবার রাতে আদিবাসী পল্লিতে সম্পন্ন হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার আদিবাসী পরিষদের নেতারা গোদাগাড়ীর আমতলী গ্রামে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। মামলা পুনরুজ্জীবিত করার দাবিতে ওই পরিষদ আজ বুধবার গোদাগাড়ী উপজেলা চত্বরে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।আমতলী গ্রামের কর্নেলিউস মার্ডির মেয়ে সিরাপিনা (১১) গত শুক্রবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গত রোববার রাতে সে মারা যায়। তার পরিবার জানায়, এক বছর আগে গণধর্ষণের শিকার হওয়ার পর সিরাপিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ওই সময় ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা মামলা করলেও পরে সালিসে মীমাংসার পর তিনি মামলা তুলে নেন।জানা গেছে, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড় গতকাল সকালে আমতলী গ্রামে গিয়ে সিরাপিনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।সেখান থেকে ফিরে রাজশাহীতে অনিল মারান্ডি সাংবাদিকদের বলেন, পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে। বিষয়টি তিনি গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।অনিল মারান্ডি আরও জানান, ধর্ষণের মামলা আপসযোগ্য নয়। মামলাটি পুনরুজ্জীবিত করার দাবিতে আজ বুধবার পরিষদের পক্ষ থেকে তাঁরা গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করবেন।তবে গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, তিনি মনে করেন না, ওই পরিবারে নিরাপত্তায় কোনো সমস্যা আছে। তার পরও গতকাল সকালে পুলিশ গিয়েছে।মামলা তুলে নেওয়ার ব্যাপারে সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি প্রথম আলোকে বলেন, ‘আপনাদের মতো মানুষ এসে বললে আমাদের আর কী করার থাকে।’এদিকে রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, মেয়েটির ধর্ষণের ব্যাপারে প্রথমে থানায় মামলা হয়েছিল। পুলিশ নয়জন আসামিকেই অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছিল। কিন্তু মামলার বাদী ও আসামিপক্ষ মীমাংসা হওয়ায় পুলিশের আর কিছু করার ছিল না।