আদিবাসী প্রশ্নে সরকার এখন বিপরীত অবস্থানে
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর পাশাপাশি আদিবাসী শব্দটিরও উল্লেখ ছিল। আদিবাসীদের অধিকার রক্ষায় বাড়তি উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছিল।কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের অবস্থান এর বিপরীত। সরকার বলছে, তিন পার্বত্য জেলার অবাঙালি অধিবাসীরা আদিবাসী নয়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ২৬ জুলাই এক সভায় উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী সম্বোধন করতে বারণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সভা হয়।পররাষ্ট্রমন্ত্রী ওই সভায় দেশের সংবিধান, ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টান্ত ও আন্তর্জাতিক তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশের তিন পার্বত্য জেলায় কোনো আদিবাসী নেই। ওই এলাকার অধিবাসীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করা হবে, সেটি একটি মীমাংসিত বিষয়। সভায় উপস্থিত ইউরোপের একটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে আবার আলোচনার ইচ্ছা পোষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আর আলোচনার কোনো সুযোগ নেই। বিষয়টির মীমাংসা হয়েছে আগেই।কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) এক প্রতিবেদনের পর সরকার কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। মে মাসে তৈরি ওই প্রতিবেদনে আদিবাসীদের অধিকার সুরক্ষার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সেনাসদস্য ও সেনা ইউনিটকে শান্তিরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বারণ করা হয়।নির্বাচনী ইশতেহারে যা আছে: ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আওয়ামী লীগ আদিবাসী শব্দটি উল্লেখ করেছে। ওই ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর অঞ্চল প্রসঙ্গে ১৮-এর দুই অনুচ্ছেদে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। অনগ্রসর অঞ্চলসমূহের উন্নয়নে বর্ধিত উদ্যোগ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। বস্তি, চর, হাওর, বাঁওড়, উপকূলসহ সব অনগ্রসর অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।শোভাযাত্রায় ছিলেন দীপু মনি: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এখন বলছেন, ‘তিন পার্বত্য জেলার অবাঙালিরা আদিবাসী নয়, তাদের আদিবাসী বলার সুযোগ নেই।’ অথচ অতীতে তিনি পাহাড়ের বাসিন্দাদের আদিবাসী বলে উল্লেখ করেছেন। তাদের সমর্থনে সংহতি জানিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ২০০৮ সালের ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাও ছিলেন। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশে দীপু মনি আদিবাসীদের অধিকার সুরক্ষার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তাঁর বক্তৃতার মূল প্রতিপাদ্য ছিল, একটি রাষ্ট্র কতখানি গণতান্ত্রিক সেটা বোঝা যায় সে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন কেমন আছে, তার ওপর। যখন আদিবাসীদের ওপর নিপীড়ন হয়, নির্যাতন চলে, বুঝতে হবে, রাষ্ট্র সেভাবে গণতান্ত্রিক হয়ে ওঠেনি। সন্তু লারমা বললেন: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসী শব্দটি থাকলেও এখন সরকারের অবস্থান বিপরীত—এ প্রসঙ্গে জানতে চাইলে সন্তু লারমা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে কিছু বলতে চাই না। সরকারের নীতিনির্ধারণী মহলের জাত্যভিমান, উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক মনমানসিকতার কারণে তাঁরা আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চান না। আদিবাসী বিষয়ে শাসকগোষ্ঠীর মধ্যেও যথেষ্ট মতপার্থক্য আছে, তারা এ বিষয়ে দ্বিধাবিভক্ত। এখন কেন সরকার আদিবাসী বলতে চাইছে না, সেটা তারাই ভালো বলতে পারবে।’