আদিবাসী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের সর্জন মাঠে হাজার হাজার মানুষের ঢল। আদিবাসী নারী-পুরুষ ও বাঙালি ফুটবলপ্রেমী মানুষ কোরবানি ঈদের পর দিন টান টান উত্তেজনা নিয়ে দেখছে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সদর উপজেলার সাঁওতাল গ্রাম চম্পাতলা ফুটবল একাদশ বনাম ঢাকার জি কিউ কোম্পানিতে কর্মরত সাঁওতাল আদিবাসীদের নিয়ে গঠিত জি কিউ শাপলা ক্লাব। খেলা প্রায় শেষ পর্যায়ে। আক্রমন, পাল্টা আক্রমনে টান টান উত্তেজনা। এর মধ্যে হঠাৎ করে সাঁওতালি ভাষায় ধারা ভাষ্যকারের উত্তেজনাভরা কণ্ঠ শোনা গেল, ‘মোড়ে মোড়ে গোটেক খেলোয়াড়ে পারম কাতেৎ কোয়া লিংগা সেইখত জজম কাটাতে খাইয়ে কাতেৎ এ গোল কেতা চম্পাতলারেন দেবেন্দ্রনাথ টুডু।’ অর্থাৎ পাঁচ পাঁচজন খেলোয়াড় কাটিয়ে নিয়ে গেল চম্পাতলার খেলোয়াড় দেবেন্দ্রনাথ টুডু এবং গোল দিয়ে দিল। এই গোলের পর উল্লাসে ফেটে পড়ল চম্পাতলার সমর্থকেরা। মাঠে ছুটে গিয়ে গোলদাতা দেবেন্দ্রনাথ টুডুকে ঘাড়ে নিয়ে নাচা শুরু করল অতি উৎসাহী সমার্থকেরা। ধারাভাষ্যকার মিলন টুডুর কণ্ঠে আবারও শোনা গেল, ‘তালাখানি জানামোয়া’ অর্থাৎ বাংলাদেশে কোনো পেলে জন্মগ্রহণ করলে সাঁওতালদের ঘরেই জন্ম নেবে...।শেষ মুহূর্তে দেবেন টুডুর গোলে চম্পাতলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার হিসেবে পায় ১৪ ইঞ্চি রঙিন টিভি। চম্পাতলা দলের পরিচালক বিমল হাসদা টিভিটি মাথায় নিয়ে মাঠ প্রদিক্ষণ করেন। তাঁর পিছুপিছু দলের খেলোয়াড়-সমর্থকেরা নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। চম্পাতলার বিজয়ী দল ফুটফুটে চাঁদের আলোয় যখন গ্রামে প্রবেশ করে তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। ছেলেদের বাদ্যযন্ত্রের দল সঙ্গে করে গ্রামের নারীরা ঢোকার রাস্তায় অপেক্ষা করতে থাকে ফুলের মালা, পানি ভর্তি কাঁসার ঘটি ও বড় কাঁসার থালা নিয়ে। বিজয়ী দল ঢোকার সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে তাঁদের বরণ করা হয়। কাঁসার থালায় খেলোয়াড়দের পা রেখে ঘটির পানিতে পা ধুইয়ে দেওয়া হয়। এরপর শাড়ির আঁচল দিয়ে পা মুছিয়ে সরিষার তেল মাখিয়ে দেওয়া হয়। এ পর্ব শেষ হওয়ার পর মেয়েরা মাদল-বাঁশির তালে নেচে-গেয়ে গ্রামের রাস্তা প্রদক্ষিণ করে। এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্যেক্তা গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান বলেন, আদিবাসীদের এ ফুটবল টুর্নামেন্ট ছাড়া ঈদের আনন্দই জমে না। গ্রামের মেয়ে-জামাইরা এসে হাজির হয় বাইরে থেকে। এমনকি হিন্দু সম্প্রদায়ের মেয়ে-জামাইরাও হাজির হয় এ সময় এলাকায়। আদিবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয় সর্জন মাঠ। এই টুর্নামেন্ট এখন জেলার মধ্যে গ্রামগঞ্জের বড় ফুটবলের আসর। চূড়ান্ত খেলার পরিচালনাকারী রেফারি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ৩৫ বছর থেকে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আদিবাসীদের ফুটবল খেলা পরিচালনা করে আসছি। কিন্তু কোনো দিন কোনো বিশৃঙ্খলা বা খেলা নিয়ে মারামারি দূরের কথা, কোনো উত্তেজনাও দেখিনি। গ্রামগঞ্জের ফুটবল খেলা বাঁচিয়ে রেখেছে আদিবাসীরাই।’