আদিবাসী বলে বিতর্ক উসকে দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে সম্বোধন করতে উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের বারণ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গতকাল মঙ্গলবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের তিনি এ-ও বলেছেন যে বিষয়টিকে নিয়ে বিতর্ক উসকে দেওয়া হলে, তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী তাঁর কার্যালয়ে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের কী হিসেবে অভিহিত করা হবে, সে সম্পর্কে উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের ব্রিফ করছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস ভবনে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার ওই ব্রিফিং অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি প্রতিনিধি, কূটনীতিক এবং পররাষ্ট্রসচিব ও মন্ত্রণালয়ের বিভিন্ন অনু বিভাগের পরিচালকেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘আদিবাসী প্রসঙ্গ নিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তাই এ বিষয়ে আমরা কূটনীতিকদের ব্রিফ করেছি।’আর আলোচনা নয়: কূটনৈতিক সূত্র জানিয়েছে, আদিবাসী বিষয় নিয়ে সরকার কূটনীতিকদের সঙ্গে কোনো আলোচনা না করার পক্ষে অবস্থান নিয়েছে। নরওয়ের রাষ্ট্রদূত রাইন ব্রিট লুনড আদিবাসী প্রসঙ্গে পুনরায় আলোচনার আশাবাদ ব্যক্ত করলে তাতে দ্বিমত পোষণ করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়ে দেন, এ বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। কাজেই এ নিয়ে পুনরায় আলোচনার কোনো সুযোগ নেই। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে এক মাসের মধ্যে কূটনীতিকদের ব্রিফ করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে জানিয়েছেন।বৈঠক সূত্রে জানা গেছে, ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টান্ত ও আন্তর্জাতিক ব্যাখ্যার উল্লেখ করে দীপু মনি কূটনীতিকদের বলেন, বাংলাদেশের তিন পার্বত্য জেলায় কোনো আদিবাসী নেই। ওই এলাকার অধিবাসীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করা হবে, সেটি একটি মীমাংসিত বিষয়।জাতিসংঘের প্রতিবেদনের সমালোচনা: অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জাতিসংঘে আদিবাসীবিষয়ক বাংলাদেশের স্থায়ী ফোরামের ২০১১ সালের প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রেক্ষাপটে তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে অভিহিত করা হয়েছে। ইতিমধ্যেই সরকার এ ব্যাপারে তার উদ্বেগের কথা জানিয়েছে।মন্ত্রী বলেন, ‘আমরা পুনরায় অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করলাম, বাংলাদেশ ও বাঙালির সমৃদ্ধ নৃ-তাত্ত্বিক ইতিহাস, ঔপনিবেশিক ইতিহাস ও সমৃদ্ধ আত্মপরিচয় সম্পর্কে বিশ্বের যে ভুল ধারণা রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে আদিবাসী প্রসঙ্গটিতে।’বাঙালিরাই প্রকৃত আদিবাসী: ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে দীপু মনি কূটনীতিকদের বলেন, বাঙালিরাই এ দেশের প্রকৃত আদিবাসী। চার হাজার বছরেরও আগে এ দেশে বসবাস শুরু করে বাঙালিরা, যার নিদর্শন খুঁজে পাওয়া গেছে উয়ারী বটেশ্বরে। তা ছাড়া আইএলও কনভেনশন-১৬৯-এ উল্লেখ রয়েছে, পাহাড়িরা নয়, বাঙালিরাই এ দেশের আদিবাসী।সংবিধান, চুক্তি ও আদমশুমারি: সংবিধানের প্রসঙ্গ টেনে দীপু মনি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সব সম্প্রদায়কে সাধারণত সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের মর্যাদা বাড়াতে সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। ফলে, তারা এখন আর উপজাতি হিসেবে অভিহিত হবে না। এই পদক্ষেপের ফলে পাকিস্তান ও ভারতের সংবিধান থেকে নিজেদের অন্য অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ। কারণ, ওই দেশ দুটির সংবিধানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণকে উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে।দীপু মনি বলেন, আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক দলিল ছাড়াও পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের সময় তিন পার্বত্য জেলার অধিবাসীদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করা হয়েছে। এই শব্দটি মেনেই ওই চুক্তি সই হয়। অথচ স্বার্থান্বেষী কিছু মহল বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের বিভিন্ন আলোচনায় বাংলাদেশের পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী অভিহিত করার মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার অপপ্রয়াস চালায়। ওই সব মহলের এ ধরনের অপতৎপরতা বাংলাদেশের জাতীয় পরিচয়, ভাবমূর্তি ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করে।২০০১ সালের আদমশুমারি উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ১ দশমিক ২ শতাংশ তিনটি পার্বত্য জেলার অধিবাসী। ১৫ কোটি জনসংখ্যা-অধ্যুষিত বাংলাদেশের ৯৮ দশমিক ৮ শতাংশকে অবহেলা করে ক্ষুদ্র অংশটিকে বিশেষ সুবিধা দেওয়ার তৎপরতা কোনোভাবেই দেশের স্বার্থকে সমুন্নত রাখতে পারে না।চাকমা রাজার দ্বিমত: বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চাকমা রাজা দেবাশীষ রায় গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, তাঁর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কারণ, আইএলও সনদ ১০৭ বাংলাদেশ অনুসমর্থন করেছে। আর ওই সনদ অনুযায়ী তিন পার্বত্য জেলার অধিবাসীরা আদিবাসী হিসেবেই স্বীকৃত। আর পররাষ্ট্রমন্ত্রী আইএলও সনদ-১৬৯-এর উল্লেখ ওই বৈঠকে করলেও সেই সনদ বাংলাদেশ অনুসমর্থন করেনি। তা ছাড়া ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে এটা প্রমাণিত যে, পাহাড়ের লোকজন কয়েক শ বছর ধরে বিভিন্ন প্রথা মেনেই এ দেশে বসবাস করছে। কাজেই তারা এ দেশের আদিবাসী।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘সরকারের সঙ্গে কূটনীতিকদের আলোচনা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর সরকার কোন শব্দ ব্যবহার করবে, সেটা সরকারই বলতে পারবে। তবে, কোনো নাগরিকের যেভাবে পরিচিত হওয়ার ইচ্ছা আছে, সেভাবে পরিচিত হওয়ার মৌলিক অধিকারও তার আছে। কাজেই কেউ আদিবাসী হিসেবে পরিচিত হতে চাইলে রাষ্ট্র অথবা সংবিধানের তাতে কোনো সমস্যা দেখি না।’দেবাশীষ রায়ের মতে, রাষ্ট্রীয় আইনে যা-ই থাকুক না কেন, আন্তর্জাতিক আইনের আওতায় যারা আদিবাসীর আওতায় পড়ে, সেই পেক্ষাপট তো আর পাল্টাবে না।