সংসদীয় কমিটি বাঘাইহাট ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনায় জড়িত ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে আদিবাসী-বাঙালি উভয় পক্ষই তাদের কাছে নিরাপত্তা দাবি করেছে।গতকাল শনিবার সংসদীয় কমিটির পাঁচ সদস্য ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এবং ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি শহরে সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।আদিবাসীরা বুদ্ধপুদি চাকমা ও লক্ষ্মী বিজয় চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়ি নির্মাণ ও এক বছরের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।দুপুর পৌনে ১২টায় সংসদীয় কমিটি বাঘাইহাটের গঙ্গারামমুখ এলাকায় যান। সেখানে কমিটির সভাপতি শাহ আলম, সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন এথিন রাখাইন বক্তব্য দেন। কমিটির অপর সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য দেওয়ার সময় মন্টু চাকমা নামের এক যুবক পাশের যাত্রী ছাউনি থেকে ত্রাণ বিতরণের কাজে ব্যবহূত মাইকে আদিবাসীদের কথা শোনার দাবি জানিয়ে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় আদিবাসীরা সংসদীয় কমিটির সামনে থেকে হইচই করে উঠে যেতে থাকলে মন্টু চাকমাকে ডেকে আনা হয়।পরে মন্টু তাঁর বক্তব্যে বলেন, ‘সেনাবাহিনী ও সেটেলাররা (বাঙালি) আমাদের ঘর যেভাবে পুড়িয়ে দিয়েছে তা কোনো দিন মানা যায় না।’ তিনি বলেন, দেশের অন্য জায়গার লোকজন নিরাপদে চলাফেরা করতে পারলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠী কেন তা পারবে না? কেন বারবার গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়?ইউনিসেফের সাহায্যপুষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়া কেন্দ্রের শিক্ষক অম্বিকা চাকমা সংসদীয় কমিটির উদ্দেশে বলেন, ‘আগেও আপনারা এখানে এসেছেন। তখন আমি আপনাদের কাছে হাত জোড় করে নিরাপত্তা চেয়েছিলাম। আপনারা বলেছেন, আপনাদের (আদিবাসী) আর পালানোর জায়গা নেই। এখানেই আপনাদের থাকতে হবে।’অম্বিকা চাকমার বক্তব্যের সূত্র ধরে এ বি এ ফজলে করিম চৌধুরী বলেন, ‘আমরা আগে যখন এসেছিলাম তখন আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন, সেটা ঠিক। আমাদের সরকার, প্রশাসন, নিরাপত্তা বাহিনী আপনাদের রক্ষা করতে পারেনি, সে জন্য আমরা দুঃখিত। যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃজনক, আমরা মর্মাহত। যে দুজন মারা গেছেন তাঁদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর অনুদান আসবে।’সংসদীয় কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘পার্বত্য এলাকায় শান্তি বিনষ্টের জন্য ষড়যন্ত্র চলছে। আমার চাই, এখানে পাহাড়ি-বাঙালি বিভেদ না হোক। কতিপয় উচ্ছৃঙ্খল লোকের কারণে সহিংস ঘটনা ঘটছে। সেই লোকদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।’ এরপর সংসদীয় কমিটির সদস্যরা বাঘাইহাট বাজারে অবস্থিত সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বাঙালিদের সঙ্গে কথা বলেন। সেখানেও কমিটির সদস্যরা দোষীদের শাস্তি দেওয়ার নিশ্চয়তা দিয়ে তাঁদের কাছে জড়িত ব্যক্তিদের নাম দেওয়ার অনুরোধ জানান। কমিটির সঙ্গে বৈঠকে বাঙালিদের পক্ষে রফিকুল ইসলাম বলেন, ‘বাঘাইহাট বাংলাদেশের একটি এলাকা হওয়া সত্বেও কেন আমরা এখানে বসবাস করতে পারব না। আদিবাসী সন্ত্রাসীরা কেন বারবার আমাদের ওপর হামলা চালাবে। আদিবাসী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’এরপর সংসদীয় কমিটি খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত সরকারি উচ্চবিদ্যালয় এলাকা, সাতভেইয়ে পাড়া পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথ বলেন। সাতভেইয়ে পাড়ায় গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য কংচারী মারমা, রাপ্রু মারমা বাঙালিদের হামলার বর্ণনা দিয়ে তাঁদের নিরাপত্তা দাবি করেন।পরে খাগড়াছড়ি সার্কিট হাউসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় শাহ আলম খাগড়াছড়ি ও বাঘাইহাটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনাস্থল ঘুরে ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে বোঝা গেছে, এ ঘটনা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পার্বত্যচুক্তি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ এবং রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান ও খাগড়াছড়ির পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক উপস্থিত ছিলেন। [প্রতিবেদন তৈরি করেছেন হরি কিশোর চাকমা, নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি; সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রতিনিধি ও সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।]