আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন—জেলার অতিরিক্ত পুুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাশ। ঘটনার কারণ অনুসন্ধান ও দোষী ব্যক্তিদের শনাক্ত করে কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজ সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন শরণার্থী পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আফতাব উদ্দিন চৌধুরীসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রামগড় উপজেলার জালিয়াপাড়ায় আদিবাসী ও বাঙালিদের নিয়ে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।প্রশাসন কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি-রামগড়-ফেনী সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে প্রশাসন এখনো মানিকছড়ি ও রামগড় উপজেলায় ১৪৪ ধারা জারি বহাল রেখেছে।