আদিবাসী মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের ভেতরটায় মনকাড়া সুর বাজছে। নানা পদের বাঁশি, শিঙ্গা আর কোরাসের এই সুরটি একেবারে বুকের ভেতরে গিয়ে বিঁধে। আদিবাসী সংস্কৃতির সুর এটি। হূদয় মাতানো সুরটি একেবারে কাছ থেকে শুনতে হলে আসতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির আয়োজনে ‘বৈচিত্র্যের বিকাশেই ঐক্যের বন্ধন’ শিরোনামের এই উৎসবে বৈচিত্র্যও মিলবে ঢের। গত ২ ডিসেম্বর শুরু হওয়া উৎসবটি চলবে আজ রাত আটটা পর্যন্ত।উৎসব কেন্দ্রের ফটকে পরিচয় তিনা রাখাইনের সঙ্গে। আদিবাসী পোশাকে খুব সুন্দর করে সেজে আসা মেয়েটি আদিবাসীদের উৎসবে নিজেদের সংস্কৃতির সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে। তিনা রাখাইন জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য বছরের বেশির ভাগ সময় ঢাকায় থাকা হয়। ফলে নিজেদের সংস্কৃতির নানা আচার ভুলে যেতে বসেছেন। বছরে বার দুয়েক এমন অনুষ্ঠানের আয়োজন হলে সব দিক থেকেই ভালো হয়।উৎসবে বিমলা চাকমা এনেছেন কয়েক পদের আদিবাসী খাবার। বিনিই নামের একটি পিঠা বানানো হয়েছে কলা পাতায় মুড়ে। তাতে কলা, বিনি চালের গুঁড়ো, গুড় আর নারকেল দিয়ে বানানো হয়েছে বিশেষ এই পদটি। হলা ফিদে নামের পিঠাটি বানানো হয়েছে চালের গুঁড়ো আর কলা দিয়ে। আবার ভরা ফিদে বাইরে থেকে দেখতে আলুর চপের মতো। কিন্তু ভেতরে মেলে নারকেল আর গুড়ের পুর। পাহাড়ি নানা আচার আয়োজনে বাঁশের চোঙে রান্না বেশ জনপ্রিয় একটি পদ। নগরবাসীর যদি এই পদটি চেখে দেখার ইচ্ছে হয় তবে চলে যেতে পারেন জ্যোতির্ময় তঞ্চঙ্গ্যার স্টলে। এখানটায় বাঁশের ভেতরে রান্না করা বেগুন পোড়া, মুরগির ভাজা, ভাজা মাছ মিলবে। আবার ঢাউস আকারের একটি চাপিলা মাছের ভাজা মিলবে এক শ টাকায়। মাছ ভাজা তালিকায় চাপিলা, ফলি, পুঁটি মাছও রয়েছে। আবার পাহাড়ি বনমোরগ ভাজা কিংবা পাহাড়ের গায়ে বেড়ে ওঠা আমলকী মিলবে সস্তায়। চাকমাদের স্টলটিতে আবার হাতে বোনা নানা আকারের রুমাল, গামছা, ফতুয়া, টাকা রাখার থলে মিলবে। অদ্ভুত এক পদের ফল স্টলে এনেছেন জবানিকা দেওয়ান। নাম আমিলা। চেখে দেখার ইচ্ছে হলেও সাবধান। দেখতে টকটকে লাল ফলটি নাকি ভারি টক। এমনটিই জানালেন জবানিকা দেওয়ানের মেয়ে লিমা তঞ্চঙ্গ্যা। লিমা ঢাকায় বেড়ে উঠেছেন, তাই বেশ ভালো করেই জানেন নগরবাসীর স্বাদ আর সহ্য করার ক্ষমতা। তাই স্টলে আসা দর্শনার্থীদের আগেভাগেই সাবধান করে দেওয়ার কাজটি করছেন তিনি। তং চিং মিং এসেছেন বান্দরবান থেকে। তিনি ঘর সাজানোর নানা উপাদান নিয়ে বসেছেন নিজ স্টলে। বাঁশের নানা রকম ব্যবহার টের পাওয়া যায় স্টলটিতে। মুখোশ, মোমদানি, ল্যাম্প ছাড়াও রয়েছে বাঁশের তৈরি কফি মগ। চাইলে উৎসবের স্মৃতি হিসেবে ছবি আঁকিয়ে নিতে পারেন মিল্টন ত্রিপুরার হাতে। আগে থেকে এঁকে রাখা পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য থেকে বেছে নিতে পারেন পছন্দসই ছবিটি। আবার বসে থেকে ছবি এঁকে নেওয়ার ব্যবস্থাও রয়েছে মিল্টন ত্রিপুরার স্টলে। টাঙ্গাইলের মুনিয়া আফরোজ উৎসবের খোঁজ পেয়েছেন একটি ব্লগ ওয়েবসাইট থেকে। ঢাকায় শিশুদের একটি নাচ প্রশিক্ষণ কেন্দ্রে নাচ শেখান তিনি। ছোট বোনসহ এসেছেন আদিবাসী পোশাক কিনতে। পুরো উৎসব আয়োজন ঘোরা শেষে পোশাক কিনলেন মনের মতো। তিনি জানান, নাচের পোশাক কেনার পাশাপাশি আদিবাসী নাচের বিশেষ কিছু মুদ্রাও শেখা হলো। সবকিছু কাছ থেকে দেখে উচ্ছ্বসিত তার বোন সোয়েবা আফরোজ বলেন, ‘একটি উৎসব যে কতটা বৈচিত্র্যময় আর শিক্ষণীয় হতে পারে, এটা তার নমুনা।’