আদিবাসী স্কুলের জায়গা দখল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে রাঙামাটি আদিবাসী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ শতক জমির মধ্যে ২৯ শতক জমিই বেদখল হয়ে গেছে। দখলদারেরা ওই জমিতে বাড়িঘর তৈরি করেছে। ওই বাড়িগুলোর নালার পানিতে স্কুলের মাঠ ভরে থাকে। উপজেলায় এটিই আদিবাসী শিশুদের একমাত্র স্কুল। শিক্ষকদের ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি দপ্তর, শিক্ষা দপ্তর ও পুলিশকে একাধিকবার অবহিত করেও কাজ হচ্ছে না। উল্টো দখলদারেরা শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিচ্ছে। জানা গেছে, গ্রামাঞ্চলের অবহেলিত আদিবাসী শিশুদের শিক্ষিত করতে স্থানীয় কয়েকজন আদিবাসী ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ওই এলাকার আদিবাসী ভগত সরেন, বানুয়া সরেন, সামি হাসদা ও টেবলা সরেন বিদ্যালয়ের নামে ৬৩ শতক জমি দান করেন। এরপর সরকারি অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে আদিবাসী ৫৩ জন। ২১ জুলাই ওই বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, স্কুল ভবনের বারান্দায় শিক্ষার্থীরা দৌড়ঝাঁপ করছে। খেলাধুলার মাঠ নেই। স্কুল ভবনের সামনেই লোকজনের বাড়ি। বিদ্যালয়ের মাঠ দিয়ে ওই বাড়িগুলোর নলকূপের নর্দমার নালা।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বালিহারপুর গ্রামের লক্ষ্মণ রাম টুডু বলেন, প্রায় সাত-আট বছর আগে এলাকার প্রভাবশালী তিন ব্যক্তি জাল দলিল করে স্কুলের ২৯ শতাংশ জায়গা দখল করে নিয়েছেন। দখলদারেরা হলেন মৃত ফসিউদ্দিন মণ্ডলের ছেলে আমিন মণ্ডল, মৃত মমিন উদ্দিনের ছেলে লুত্ফর রহমান ও মৃত মানিক হাসদারের ছেলে রবেন হাসদা। লক্ষ্মণ রাম আরও বলেন, ওই তিন ব্যক্তি আদিবাসীদের কাছ থেকে জমি কিনেছেন বলে দাবি করেন। কিন্তু আদিবাসীদের জমি ক্রয়-বিক্রয়ের কিছু নিয়মনীতি আছে। দখলদারেরা ওই নিয়মের একটিও পূরণ করেননি। জাল দলিল করে গায়ের জোরে তাঁরা স্কুলমাঠে বাড়ি করেছেন। অভিযোগের বিষয়ে দখলদার সুনীল হাসদা ও লুত্ফর রহমান বলেন, ‘কাগজপত্র না থাকলে কী অন্যের জায়গার ওপর বাড়ি করা যায়। খাজনা-খারিজ সবই আমরা দিই, জমির কাগজ না থাকলে কীভাবে খারিজ হয়।’ প্রতিবেশী জলপা সরেন বলেন, ‘আমরা সবাই জানি, অনেক দিন আগে তিনজন আদিবাসী মিলে ৬৩ শতক জমি স্কুলের নামে দান করেছেন। ছয়-সাত বছর আগে আমিন মণ্ডল ও লুত্ফর জোর করে স্কুলমাঠে বাড়ি বানান। তাঁদের দেখাদেখি রবেন হাসদা কিছু জায়গা দখলে নিয়ে বাড়ি করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল মার্ডি বলেন, ‘বিদ্যালয়ের ৬৩ শতক জমির মধ্যে ২৯ শতক জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে। জমি উদ্ধারের জন্য অনেক ঘোরাঘুরি করেছি, কিন্ত লাভ হয়নি। এখন মানুষের জমির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। ওই রাস্তা বন্ধ করে দিলে স্কুলে যাওয়ার উপায় থাকবে না।’