আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া চলছে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, ‘আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে। কারণ তারা আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার স্বাচ্ছন্দ্যবোধ করে এবং আমিও নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ আজ বৃহস্পতিবার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা প্রণয়ন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেছেন।জানা গেছে, কর্মশালায় তিন পার্বত্য জেলায় পর্যটন সম্প্রসারণের কথা উঠলেও অনেক আদিবাসী নেতা বলেছেন, সমতল এলাকার প্রেক্ষাপটে নয়, পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট বিবেচনা করেই পর্যটনের কথা ভাবতে হবে।এদিকে আদিবাসী নেতারা আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্যচুক্তি বাস্তবায়ন, ভূমি নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধভাবে ভূমি দখল বন্ধের ১২ দফা দাবিসহ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমানের অপসারণও দাবি করেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাহ আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কেও আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় হিসেবে নাম পরিবর্তন করা হবে।