আদিবাসীদের অধিকার রক্ষায় রাষ্ট্রের চরিত্র পালটাতে হবে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আদিবাসীদের অধিকার সুরক্ষায় ধনীবান্ধব ও দরিদ্রবিরোধী রাষ্ট্রের চরিত্র পাল্টাতে হবে। প্রয়োজন রাজনৈতিক সংগ্রাম। তাই সাঁওতাল বিদ্রোহের মূল চেতনার কাছে ফিরে যেতে হবে।মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে আদিবাসীদের অধিকার ও আত্মপরিচয়ের স্বীকৃতি দিতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আদিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে দূরত্ব কমিয়ে আনুন, না হলে এর জন্য বড় খেসারত দিতে হবে।’আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহান সাঁওতাল বিদ্রোহের ১৫৮তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।মিজানুর রহমান বলেন, আদিবাসী শব্দটি রাষ্ট্রে বর্তমানে ‘ট্যাবু’ শব্দে পরিণত হয়েছে। রাষ্ট্র আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি দিচ্ছে না। আত্মপরিচয় অস্বীকার করা মানে মানবাধিকারের লঙ্ঘন।সভায় গবেষক ও লেখক পাভেল পার্থ ‘অমীমাংসিত জুন: ১৮৫৫ থেকে ২০১৩’ শীর্ষক প্রবন্ধ পড়ে শোনান। এতে আদিবাসীদের বিভিন্ন সময়ের নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি।আলোচনায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি রাশেদ খান মেমন বলেন, ১৫৮ বছর আগে উত্থাপিত প্রশ্নগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে। আদিবাসী আছে, কিন্তু রাষ্ট্র তা স্বীকার করতে চাচ্ছে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি দিতে গিয়ে ‘শিব গড়তে গিয়ে বাঁদর গড়েছি’ অবস্থার মতো অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন।চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, রাষ্ট্র আদিবাসীদের নিরাপত্তা দিতে পারছে না। আদিবাসীদের ভূমি দখল হয়েই চলছে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন এখন পর্যন্ত হয়নি।আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল সাঁওতাল বিদ্রোহ দিবসের মতো দিবসগুলোকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের অঙ্গীকার ছিল। তবে সরকার সে অঙ্গীকার পূরণ করেনি। আন্তর্জাতিক শ্রম সংস্থার আদিবাসীদের প্রথাগত অধিকারসংক্রান্ত যে সনদ তা-ও জাতীয় আইনে সম্পৃক্ত করেনি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার সাঁওতাল বিদ্রোহকে কৃষক আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্র প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় আদিবাসীদের প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করছে বলে উল্লেখ করেন তিনি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর বলেন, ‘আমরা সবাই কথা বলছি, কিন্তু কার জন্য বলছি তা স্পষ্ট না। কেননা আমরা এখনো আদিবাসীদের নামটাই ঠিক করতে পারিনি। অন্যদিকে নাইক্ষ্যংছড়িতে চাক পরিবার উচ্ছেদের কারণ রাবার বাগানের বিস্তৃতি। এই রাবার বাগানের মালিক যারা, তারা একসময় আদিবাসীদের নিয়েই কাজ করত।’আলোচনাসভায় অন্যান্যের মধ্যে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নোমান আহম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ বক্তব্য দেন।