আদিবাসীদের জন্য বিশেষ আইনের প্রয়োজন নেই: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সংবিধানে আদিবাসীদের অধিকার নিশ্চিত করা হলে ক্ষুদ্র জাতিসত্তার জন্য আলাদা আইনের প্রয়োজন হতো না। ‘আদিবাসী অধিকার আইন’-এর খসড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আদিবাসী’ এই নামটি নিয়ে অনেকের আপত্তি থাকে। তাই এ শব্দটির ব্যাপারে কসপ্রোমাইজ (সমঝোতা) করে অধিকার আদায় করা যায় কি না, সেটা দেখা সবার জন্য মঙ্গলজনক হবে।আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান বলেন, যদি সংসদীয় ককাসের সদস্যরা আন্তর্জাতিক শ্রম আইনের ১৬৯ ধারাটি কার্যকরের জোর উদ্যোগ নিতে পারেন, তাহলে আদিবাসীদের অধিকার আদায়ের জন্য বিশেষ কোনো আইনের প্রয়োজন নেই। কারণ, ওই আইনেই আদিবাসীদের অধিকারের কথা স্বীকৃত। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এখনো পক্ষ-বিপক্ষ রয়েছে। এ জন্য ৫২ জন মানুষ অপহূত হয়েছে। অথচ তাদের কোনো খোঁজ কারও কাছে নেই। তিনি বলেন, ‘এখন বিভক্তির সময় নয়, আমাদের ঐক্যবদ্ধভাবে আদিবাসীদের অধিকার আদায় করতে হবে।’ আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘সংবিধানের ২৩ (ক) ধারায় আদিবাসীদের বলা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। “আদিবাসী অধিকার আইন”-এর খসড়ায় যে উদ্দেশ্যে “আদিবাসী” শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটা মানতে আমি নারাজ। কারণ, সংবিধানে তাদের আদিবাসী নাম দেওয়া হলে, কেউ এই সংবিধান পড়লে বুঝবে, তারাই এ দেশের আদিবাসী। তবে হ্যাঁ, তারা অবশ্যই ওই অঞ্চলের আদিবাসী, যে অঞ্চলে তারা বাস করে। কিন্তু তারা পুরো বাংলাদেশের আদিবাসী নয়। তারা যদি পুরো বাংলাদেশের আদিবাসী হয়, তাহলে আমরা কী পরে এসেছি? আদিবাসী কমিশন করা হলে সেখানে শুধু আদিবাসী নয়, অন্য জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে।’ আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন সভাপতির বক্তব্য বলেন, সংবিধানে আদিবাসীদের অধিকার এসেছে খণ্ডিতভাবে। পার্বত্য চুক্তির এত বছর পেরিয়ে গেলেও তাদের অধিকার এখনো প্রতিষ্ঠা পায়নি। ভূমি কমিশন করে এখনো তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। মেনন বলেন, ‘আদিবাসী অধিকার আইন’ দাবি করলে সেটা বাস্তবায়ন করতে অনেক সময়ের প্রয়োজন। আদিবাসীদের অধিকার বাস্তবায়নের জন্য সব আইন যেন সর্বাত্মক হয়, সেটার জন্য ‘আদিবাসী অধিকার আইন’ প্রয়োজন। এ জন্য সবাইকে সংগ্রাম করতে হবে।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, নওয়াজিশ আলী খান প্রমুখ। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা আদিবাসী অধিকার আইনের খসড়া উপস্থাপন করেন।