আদিবাসীদের বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা আদিবাসীদের জীবন। বছরের নানা সময়ে হরেক রকম উৎসবের আয়োজন করলেও তাদের সবচে বড় সামাজিক উৎসব হলো ‘বৈসাবি’। এ উৎসবকে চাকমা ভাষায় ‘বিজু’, মারমা ভাষায় ‘সাংগ্রাই’ ও ত্রিপুরা ভাষায় ‘বৈসুক’ বলা হয়। ভিন্ন ভিন্ন নামে অভিহিত হলেও উৎসবের বৈশিষ্ট্য ও ভাবধারা মূলত একই। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন উদ্যাপিত হয় এ উৎসব। উৎসবের প্রথম পর্বকে বলা হয় ‘ফুল বিজু’। বাংলা বছরের শেষ দিনকে বলা হয় ‘মূল বিজু’। আর নববর্ষের প্রথম দিনের উৎসবকে বলা হয় ‘সাংগ্রাই’। ‘ফুল বিজু’তে তরুণ-তরুণীরা খুব সকালে বিভিন্ন বাগান থেকে ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজায় এবং নদীতে ফুল ভাসায়। উৎসবের দ্বিতীয় পর্ব ‘মূূল বিজু’। ঘরে ঘরে নানারকম খানাপিনার আয়োজন করা হয়, যা ‘পাচন’ নামে পরিচিত। মূল বিজুতে তরুণ-তরুণীরা নদী থেকে পানি এনে বয়স্কদের গোসল করায়। পবিত্রতার প্রতীক হিসেবে বুদ্ধের মূর্তিকে গোসল করানো হয় চন্দন ও ডাবের পানি দিয়ে। সন্ধ্যায় মোমবাতি দিয়ে গঙ্গা মাকে (নদী) পূজা করা হয়।শেষ দিনের অন্যতম অনুষঙ্গ হলো ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসবকে কেন্দ্র করে মারমাদের আকর্ষণীয় খেলা ‘মৈত্রী পানিবর্ষণ’। ত্রিপুরাদের অন্যতম হলো গরাইয়া নাচ ও বোতল নাচ। আর চাকমারা আয়োজন করে বলীখেলা ও গিলাখেলার।