আদিবাসীদের সংবিধানিক স্বীকৃতি আদায়ে সংসদীয় কাজ করবে ককাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সংবিধানিক স্বীকৃতি আদায়ে তত্পর হচ্ছে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস। সংবিধান সংশোধনে সদ্যগঠিত বিশেষ কমিটি কাজ শুরুর পরই তারা এ বিষয়টি তাদের সামনে উপস্থাপন করবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এর আগে সংসদের শপথকক্ষে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত ‘বাংলাদেশে আদিবাসী অধিকার’-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরে এক ব্রিফিংয়ে ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানে আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতির বিষয়টি বিবেচিত হয়নি। যদিও তাতে ‘অনগ্রসর জনগোষ্ঠী’ অভিধায় একটি প্রভিশন (বিধি) রাখা হয়েছে। তবে তা আদিবাসীদের প্রতি রাষ্ট্রের বৈষম্য, নিপীড়ন ও শোষণকে কমাতে পারেনি। তিনি বলেন, সব নাগরিকের জন্য সমমর্যাদাপূর্ণ রাষ্ট্রকাঠামো গড়ার কাজটাকেই আদিবাসীদের জন্য গঠিত ককাস করতে চায়।রাশেদ খান মেনন বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি কাজ শুরুর পর আদিবাসীদের স্বীকৃতির এ বিষয়টি তাদের সামনে উত্থাপন করা হবে।সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু বলেন, বিষয়টি নিয়ে সংসদের আদিবাসী সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে ১৩টি সুপারিশ গ্রহণের কথাও জানান তিনি।এসব সুপারিশের মধ্যে রয়েছে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির পাশাপাশি আদিবাসীদের অনুকূল নীতিমালা প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে চট্টগ্রাম ও আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জন্য জাতীয় সরকার ও স্থানীয় সরকারে আসন সংরক্ষণ, আদিবাসীদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন।সভায় ডেপুটি স্পিকার শওকত আলী, হাসানুল হক ইনু, দীপঙ্কর তালুকদার, মো. শাহ আলম, শাহ জিকরুল আহমেদ, হাফিজ উদ্দিন আহম্মেদ, শহীদুজ্জামান সরকার, যতীন্দ্রলাল ত্রিপুরা, বীর বাহাদুর উশৈ সিং, সাধনচন্দ্র মজুমদার, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আমিনা আহমেদ, রুবী রহমান, এথিন রাখাইন প্রমুখ উপস্থিত ছিলেন।