আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে চাই: সুরঞ্জিত
সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমরা ক্ষুদ্র জাতিসত্ত্বাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চাই। মূল রাজনীতিবিদ ও রাজনৈতিক শক্তিগুলো আদিবাসীদের সঙ্গে আছে। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্ত্বার আবেগ প্রকাশিত হয়েছিল। এরই প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ যুক্ত করা হয়। এখন সংবিধান সংশোধনের উদ্যোগে একটি সুবর্ণ সুযোগ এসেছে। বাঙালি জাতীয়তাবাদকে অন্তর্ভুক্ত করেই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যায়।’ সাংসদ হাসানুল হক ইনু বলেন, আদিবাসীদের ভাষা, শিল্প, সংস্কৃতি, রীতিনীতি ছাড়াও তাদের জমি ও বনের অধিকার, স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণ—সবকিছুই সংবিধানে যুক্ত করা প্রয়োজন। বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এম এন লারমা ১৯৭২ সালে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তাঁর কথা শোনা হয়নি। এখন সাংবিধান সংশোধনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এ বিষয়টি সামনে এসেছে। এর সদ্ব্যবহার করা উচিত। ‘বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং। সভায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনার সাদেকা হালিম, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেণ, অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।