আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিন: পাহাড়ি ছাত্র পরিষদ
দ্রুত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সংগঠনটি আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে এ দাবি জানায়। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী ছাত্রছাত্রীরা এই মানববন্ধনে অংশ নেন। সংগঠনটির নেতারা আরও বলেন, বর্তমান সরকার যেহেতু সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে, সেহেতু আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। পাহাড়ি ছাত্র পরিষদ এ মানববন্ধনে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নেরও দাবি জানান।‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’-এ আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা বলেন, বর্তমান সরকার আদিবাসীদের সঙ্গে পরামর্শ ছাড়াই এই আইনে তাঁদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে; যা নৃ-বিজ্ঞানের দৃষ্টিতে সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘আদিবাসীদের আদিবাসীই বলতে হবে। তাদের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার কোনো সুযোগ নেই।’ তিনি আরও জানান, আইনটিতে দেশের ২৭টি আদিবাসী গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এই সংখ্যা ৫০-এরও বেশি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ছাত্র পরিষদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন। তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধান ত্রুটিপূর্ণ ছিল। ওতে ৬ (ক) অনুচ্ছেদে বাংলাদেশের জনগলকে “বাঙালি” হিসেবে অভিহিত করা হয়। এ দেশে বাঙালি ছাড়া বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাদের কথা বাহাত্তরের সংবিধানে লেখা নেই। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির দেশ। এ জন্য দেশের সংবিধানকে সবার সংবিধান হিসেবে তৈরি করতে নতুন সংবিধান রচনা করতে হবে।’অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের উন্নয়নে কাজ করবে বলে কথা দিয়েছিল। কিন্তু আদতে আমরা দেখছি, সরকার এসব বিষয়ে আন্তরিক কোনো উদ্যোগ নিচ্ছে না।’ তাঁরা এই সংক্ষিপ্ত সমাবেশে সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো—সব আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি-শিক্ষা সর্বোপরি আত্মনিয়ন্ত্রণাধিকার, পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন ও এর অধীনে প্রণীত আইনগুলো, আদিবাসীদের প্রথাগত, ঐতিহ্যগত ভূমি অধিকারসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলের খনিজ, বনজ, জলজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং আদিবাসী জুম্মু সম্প্রদায়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তার জন্য পার্বত্য চট্টগ্রামকে বিশেষ শাসিত আদিবাসী অঞ্চলের মর্যাদা দেওয়া।মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের আদিবাসী শিক্ষার্থীরা অংশ নেন।