আদিবাসীরা নিজের জমিতে শ্রমিকের কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, সরকার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাস করে না। করলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হতো। এ সংশোধনীর মাধ্যমে সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আসলে শান্তিচুক্তির বাস্তবায়ন এবং আদিবাসীদের অধিকার রক্ষার ব্যাপারে সরকার আন্তরিক নয়। আজ রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে আদিবাসী ও উপজাতিদের অধিকার বাস্তবায়ন: সমস্যা ও সমাধান’ শীর্ষক এক সেমিনারে সভাপতির ভাষণে সন্তু লারমা এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আদিবাসী ফোরাম আয়োজিত এই সেমিনারে সন্তু লারমা বলেন, দেশের ৫৪ জেলায় ৩০ লাখ আদিবাসীর বাস। অর্থনৈতিক ও ভূমি সংক্রান্ত জটিলতায় তারা জর্জরিত। আদিবাসীরা এখন নিজের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে। তাদের সামাজিক ও সাংস্কৃতিক স্বীকৃতি নেই। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি না পাওয়ার বিষয়টি দুঃখজনক। রাষ্ট্রের নীতিনির্ধারণে আদিবাসীদের ভূমিকা নেই। পার্বত্য এলাকায় ইকোপার্ক, টুরিস্ট জোন করা হচ্ছে আদিবাসীদের মতামত না নিয়েই।সন্তু লারমা আরও বলেন, ১৪ বছর হয়ে গেছে, সরকার এখনো পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করেনি। সরকারের তিন বছর পার হয়ে গেছে, এখনো আদিবাসীদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির কিছুই পূরণ করেনি। কিন্তু সমস্যার সমাধান করতে হলে আদিবাসীদের অধিকার সম্পর্কে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভাবতে হবে। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দেশের সব মানুষ সমান হারে তাদের নাগরিক অধিকার পাচ্ছে না। সমতলের মানুষ যে সুযোগ পায়, পাহাড়ের মানুষ তা পাবে না। এটি বাস্তবতা। বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সবাইকে সমান সুযোগ দিতে হলে যে পরিমাণ সম্পদের দরকার, তা রাষ্ট্রের নেই। মিজানুর রহমান আরও বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার সনদে আদিবাসীদের কিছু অধিকারের কথা বলা আছে। তাদের সেই অধিকার যাতে নিশ্চিত হয় এবং সাংবিধানিক স্বীকৃতি যাতে পায়, সে জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করব।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং। এতে বলা হয়েছে, ভূমির আদি মালিক হলেও এর ওপর আদিবাসীদের কোনো অধিকার নেই। নেই শিক্ষা ও কাজের সুযোগ। আদিবাসীদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আধুনিক পদ্ধতি। প্রবন্ধে আদিবাসীদের অধিকার রক্ষা এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সরকার, আদিবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের সংলাপের আয়োজনের সুপারিশ করা হয়। সেমিনারে আরও বক্তব্য দেন, নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরতে লান্ড, বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম সংস্থার আবাসিক প্রতিনিধি আঁদ্রে বগুই, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশে ইউরোপীয় কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিলকো ভ্যান গোল, তথ্য কমিশনার সাদেকা হালিম, ডেনমার্ক দূতাবাসের উপমিশন প্রধান জান মুলার হানসেন প্রমুখ।