আদিবাসীরা সংবিধানে স্বীকৃতি পাবে বলে বিশ্বাস হয় না: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘এ সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে তা বিশ্বাস করতে পারছি না। গত ৩৯ বছর ধরে দেখছি, শাসকগোষ্ঠী গণতান্ত্রিক চিন্তাধারার অধিকারী হতে পারেননি, সাম্প্রদায়িকই রয়ে গেছেন। শাসকগোষ্ঠী এখনো প্রগতিশীল চিন্তার অধিকারী হতে পারেননি।’রাজধানীর একটি হোটেলে আজ সোমবার আয়োজিত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি-বিষয়ক এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের উদ্যোগে এ আলোচনাসভার আলোচ্য বিষয় ছিল ‘আদিবাসীর মানবাধিকার ও আইএলও কনভেনশন ১৬৯: আত্মপরিচয়ের অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি’। সন্তু লারমা বলেন, ১৩ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগেই শান্তিচুক্তি হয়েছিল। কিন্তু চুক্তির পর ১৩ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার এবার ক্ষমতায় এসেও চুক্তিটি বাস্তবায়নে একটি পদক্ষেপও নেননি। সরকার চুক্তি বাস্তবায়নে সচেতন বলেও মনে হয় না বলে সন্তু লারমা অভিযোগ করেন।সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেননের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের এশীয় প্রতিনিধি রাজা দেবাশীষ রায়। আলোচনায় অংশ নেন সংবিধান সংশোধন বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সাংসদ শাহ জিকরুল আহমেদ, ননী গোপাল মণ্ডল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মেজবাহ কামাল।