মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের রিমান্ড আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তবে তদন্ত কর্মকর্তা তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। একই সঙ্গে বিলম্ব ছাড়াই তাঁকে কারাগারে পাঠাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বলা হয়েছে, অধিকারের প্রতিবেদন কাল্পনিক। এতে দেশে-বিদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার তথা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের মিথ্যা ও কাল্পনিক তথ্য ইন্টারনেটে বিশেষ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অপরাধযোগ্য। গত শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে আদিলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১১ আগস্ট নিম্ন আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আদিলুর রহমান।আদালতে আদিলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তিনি সাংবাদিকদের বলেন, রিমান্ডের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা মানা হয়নি। হাইকোর্ট শুনানি শেষে রিমান্ড আদেশ সংশোধন করে দিয়েছেন। কারা হেফাজতে নিয়ে কারা ফটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, উভয় পক্ষকে শুনে আদালত রুল ও স্থগিতাদেশ দিয়েছেন। তারপর বলেছেন, জেলখানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।সরকারের প্রেসনোট: গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটে বলা হয়েছে, অধিকারের নিজস্ব ওয়েবসাইটে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করায় সংস্থাটির সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে ওয়েবসাইটের প্রতিবেদনটি দালিলিক সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে। আইন অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা।প্রেসনোটে বলা হয়, গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতের কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছে বলে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি। অথচ ওই দিন রাতের অভিযানে কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি। রাতে কেউ মারাও যায়নি। তবে দিনের বেলায় হেফাজত ও তাদের সহযোগী উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের আক্রমণ ও পুলিশের প্রতিরোধের কারণে ১১ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।প্রেসনোটে বলা হয়েছে, অধিকারের প্রতিবেদনে শুধু রাতের অভিযানে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। দিনব্যাপী হেফাজতের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি ও হত্যার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। দিনের বেলায় নিহত কয়েকটি মৃতদেহের এবং আহত কয়েকজনের ছবি কম্পিউটারে ফটোশপের সাহায্যে জোড়া লাগিয়ে রাতের অভিযানে নিহত বলে প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে। আদিলুর রহমান ওয়েবসাইট ব্যবহার করে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।প্রেসনোটে আরও বলা হয়েছে, এই প্রতিবেদনের কারণে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তা আমলযোগ্য না হলেও অজামিনযোগ্য ও বিনা পরোয়ানায় গ্রেপ্তারযোগ্য। ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযাগের একটি বিশদ বর্ণনাও প্রেসনোটে তুলে ধরা হয়েছে।তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে অধিকারের প্রতিবেদনটি বিএনপি-জামায়াত ও হেফাজতের মিথ্যাচারের অবিচ্ছেদ্য অংশ।তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অধিকারের প্রতিবেদন সম্পর্কে সরকারের বক্তব্য তুলে ধরার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, অধিকারের প্রতিবেদনে দাবি করা হয়, গত ৫ মে দিবাগত রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছে। গত ১০ জুলাই তথ্যমন্ত্রীর দপ্তর থেকে ওই ৬১ জনের নাম-ঠিকানা ও পিতা-মাতার নামসহ তালিকা চেয়ে তা পাঠানোর অনুরোধ জানানো হয়। কিন্তু গত ১৭ জুলাই অধিকার তিন পৃষ্ঠার এক চিঠিতে জানায়, দেশে তথ্য প্রদানকারী, সাক্ষী ও ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো আইন না থাকায় তারা সরকারের কাছে ওই তালিকা দেবে না। তবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন; তথ্য প্রদানকারী, সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার নিশ্চয়তা দেওয়া হলে ওই কমিশনকে তারা সহযোগিতা করবে।তথ্যমন্ত্রী বলেন, সাক্ষী ও ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট আইন দেশে প্রচলিত আছে। তা ছাড়া তাদের কাছে তথ্য প্রদানকারী বা সাক্ষীদের নাম চাওয়া হয়নি। চাওয়া হয়েছিল শুধু নিহতদের নাম-ঠিকানা। সংবাদ সম্মেলনে বলা হয়, আসলে অধিকারের কাছে প্রকৃত তথ্য নেই। রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য তারা বিএনপি-জামায়াত-হেফাজতের মিথ্যাচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিবেদনটি তৈরি করেছে।সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, অধিকার একটি বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিও। এ ধরনের এনজিওর কার্যক্রম পরিচালনার জন্য দেশে আইনকানুন আছে। সে অনুযায়ী সরকার চাইলে তারা যেকোনো তথ্য দিতে বাধ্য। তা ছাড়া, এ ধরনের সংস্থার ক্ষেত্রে তথ্য অধিকার আইনও প্রযোজ্য। সে আইন অনুযায়ী অধিকার তাদের সংস্থায় কোনো তথ্য কর্মকর্তাও নিয়োগ দেয়নি। অথচ এখন পর্যন্ত ১০৮টি এনজিও তা করেছে।তথ্যমন্ত্রী বলেন, অধিকার রাজনৈতিক দলনিরপেক্ষ কোনো সংস্থা নয়। সংস্থাটির প্রধান ব্যক্তি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সম্পাদক আদিলুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার ও গণজাগরণ মঞ্চের প্রতি তাদের বিরাগ এবং ‘তেঁতুল হুজুর’সহ সাম্প্রদায়িক, মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির প্রতি তাদের অনুরাগ প্রমাণিত।মুক্তি দাবি: আদিলুর রহমানের মুক্তি দাবি করেছেন মানবাধিকারের কর্মী, সুপ্রিম কোর্টের আইনজীবী, শিক্ষকসহ বিশিষ্টজনেরা। গতকাল বেলা আড়াইটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, আদিলুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডের পুরো ব্যাপারটা আইনের শাসনের দৃষ্টি থেকে, মানবাধিকারের দৃষ্টি থেকে সাংঘাতিকভাবে নিন্দনীয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য না দেওয়ার জন্য। এই তথ্য যদি দিতে হয়, তাহলে মানবাধিকারের রক্ষণ বলে কিছু থাকবে না।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নূর খান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রোরহান উদ্দিন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান, ব্লাস্টের সহকারী পরিচালক মাহবুবা আখতার প্রমুখ এ সময় বক্তব্য দেন।