আদিলুরকে মুক্তির আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁর মুক্তির বিষয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর)। গত মঙ্গলবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব সংস্থার অঙ্গসংগঠনটি এই আহ্বান জানায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে বলা হয়, বাংলাদেশের একটি সুপরিচিত মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক আদিলুর রহমান খানকে ১০ আগস্ট রাজধানী ঢাকায় তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। কোনো পরোয়ানা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান।ওএইচসিএইচআরের মুখপাত্র লিজ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমরা আদিলুর রহমানের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চয়তা দাবি করছি। মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।’মুখপাত্র বলেন, গত মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশে সরকারি বাহিনীর সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদিলুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। লিজ থ্রোসেল বলেন, সরকারি বক্তব্যকে চ্যালেঞ্জ করে অধিকার তার প্রতিবেদনে উল্লেখ করে, সমাবেশে সরকারি বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়। লিজ আরও বলেন, গ্রেপ্তারের পরদিন আদিলুরের জামিন নামঞ্জুর করে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুনানির জন্য আদালতে হাজির করার আগে তাঁকে কোনো আইনজীবীর সঙ্গে সাক্ষাতেরও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।