আদিলের ‘দিল’ অনেক বড়
আদিল রাজা নাকি গন্ধ শুঁকেই বলে দিতে পারেন কোন ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, কোথায় তার শক্তি! পারারই কথা। রাজা যে ‘গন্ধরাজ’। মানে গন্ধ বিশেষজ্ঞ। পেশায় টোব্যাকোনিস্ট। তামাকের জাত-গুণ গন্ধ শুঁকে বলে দেওয়াই তাঁর কাজ। অবশ্য এই কটা দিন সেই পরিচয় রাজা ভুলে যাবেন। পাকিস্তানে জন্ম নেওয়া রাজা যে হল্যান্ডের স্পিনার হয়ে এসেছেন বিশ্বকাপে। ৩০ বছর বয়সী রাজা প্রথম ম্যাচে সুযোগ পাননি। তবে প্রস্তুত আছেন। ১৯ ম্যাচে ১৭ উইকেট নেওয়া এই অফস্পিনার জানালেন, ‘ওয়ানডে ক্রিকেট কিন্তু শুধু পেস বা স্পিন নয়। এটা খুবই সাধারণ—আপনাকে সঠিক লাইন-লেন্থে বল করে যেতে হবে। ব্যাটসম্যানদের বেশি জায়গা দেওয়া যাবে না।’বয়সে তাঁর চেয়ে মাত্র চার বছরের বড় হলেও সাকলায়েন মুশতাকই আদর্শ। পাকিস্তানের এই সাবেক স্পিনারকে হুবহু অনুকরণ করেছেন। সাকলায়েনের আবিষ্কার দুসরাও নাকি দিতে পারেন তিনি! ‘হ্যাঁ পারি, কিন্তু নতুন বলে এটা করা খুবই কঠিন। বিশ্বকাপেও এটা করেছি, গত বিশ্বকাপে। কিন্তু দু-একবার ফুলটস হয়ে গিয়েছিল। সোজা ছক্কা খেয়েছি। এর পর আর চেষ্টাই করিনি’—নিজের রসবোধের পরিচয়ও দিলেন রাজা।পাকিস্তানে এখন অফস্পিনারের সংকট। এবং এর জন্য রাজা ‘দায়ী’ করলেন সাকলায়েনকেই, ‘একটা পর্যায়ে আমি সাকলায়েনের অ্যাকশনে বল করতে শুরু করেছিলাম। কিন্তু সেটা তেমন ফল দিচ্ছিল না বলে আমি আমার মূল অ্যাকশনে ফিরে আসি। যে সময়টার কথা বলছি, তখন আমার বয়স ১৫-১৬। ওই সময় অনেক বেশি দুসরা করতে চাইতাম। পাকিস্তানে এখন খুব বেশি অফস্পিনার নেই, কারণ প্রায় সবাই দুসরা করতে গিয়ে চাক করত। আর চাক করে নিষিদ্ধ হতো।’নিজের মূল অ্যাকশনে ফিরে এসে তাঁর জন্য মঙ্গলই হয়েছে। রাজা মনে করেন, অন্যকে অন্ধ অনুকরণ না করে নিজের প্রতিভার প্রতিই আস্থা রাখা উচিত, ‘যদি আপনি চমকে দেওয়া একটা ডেলিভারি করতে পারেন তো ভালোই। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। গ্রায়েম সোয়ানকে দেখুন। বেসিক একজন অফস্পিনার। তার পরও কিন্তু এখন বিশ্বের এক নম্বর সেই।’মুরালি-যুগের মোহ থেকে সোয়ান স্পিনারদের বের করে নিয়ে এসেছেন বলেও মনে করেন রাজা, ‘ও আমাদের দেখিয়েছে, অফস্পিনারদের স্বাভাবিক বৈচিত্র্য, লুপ-ফ্লাইট-আর্মবল এসব থাকলেই আপনার দুসরার কোনো প্রয়োজন। আসলে আপনি দুসরা করতে পারবেন কিনা, সেটি নির্ভর করছে আপনার সহজাত প্রতিভার ওপর। যে প্রতিভা মুরালি-সাকলায়েনের আছে। আপনার যদি সেটা না থাকে তো নিজের স্বাভাবিক বৈচিত্র্যের ওপরই আস্থা রাখুন। প্রত্যেক বোলারেরই নিজস্ব শক্তির দিক আছে। সেটা শক্তির দিকটা নিয়েই কাজ করা উচিত।’ রয়টার্স।