আদৃতা হত্যা: আরেক মডেলসহ গ্রেপ্তার ৩
মডেল তাহিয়া তাবাসসুম আদৃতা (২০) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আরেক মডেল রেহানসহ গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মোহাম্মদপুর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মডেল রেহান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে রনি ও মাসুদ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রেহানকে গ্রেপ্তার করা হয়।মো. ইমাম হোসেন আরও বলেন, আদৃতা হত্যা মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালই ডিবি মামলাটি তদন্তের দায়িত্ব নিয়েছে।গত ৩১ অক্টোবর রাতে মোহাম্মদপুর তাজমহল রোডের ডি-ব্লকের একটি বাড়ির ছাদের দরজার পাশ থেকে আদৃতার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। তবে পরিচয় মেলার আগেই আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করে। মোহাম্মদপুর থানায় রাখা ছবি দেখে আদৃতার পরিবার তাঁকে শনাক্ত করে।