আদেশ পুনর্বিবেচনার আবেদন করা যাবে একবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যপ্রণালি বিধিমালার তুলনায় আরও সুনির্দিষ্ট করে ট্রাইব্যুনাল-২-এর বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর বিধান অনুসারে, ট্রাইব্যুনালের কোনো আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন একবারের বেশি করা যাবে না। ট্রাইব্যুনাল-১-এর বিধিমালায় আদেশ পুনর্বিবেচনার জন্য কতবার আবেদন করা যাবে, তা সুনির্দিষ্ট করা নেই।এ ছাড়া বিষয়বস্তুর মধ্যে সাক্ষীর জেরা সীমাবদ্ধ রাখতে ট্রাইব্যুনাল-২-এ বিধান রাখা হয়েছে। এর বিধিমালায় ট্রাইব্যুনাল-১-এর বিধিমালার প্রায় পুরোটা থাকলেও পাঁচটি উপবিধি যুক্ত হয়েছে, কয়েকটিতে পরিবর্তন আনা হয়েছে।জানতে চাইলে ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২-এর কার্যপ্রণালি বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে ট্রাইব্যুনাল-২ আইনগত ক্ষমতাবলে এই বিধি প্রণয়ন করেছেন।মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া গতিশীল করতে সরকার ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠন করে। ২৫ মার্চ বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ বিচারিক কার্যক্রম শুরু করেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল-১ গঠন করা হয়। ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটটি মামলা বিচারাধীন। এগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। অন্য ছয় মামলা রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে।সদ্য গঠিত ট্রাইব্যুনাল-২ গত মঙ্গলবার জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।যুক্ত হয়েছে পাঁচটি উপবিধি: ট্রাইব্যুনাল-২-এর বিধিমালার বিধি ২৬-এ তিনটি উপবিধি এবং বিধি ৫৩-তে দুটি উপবিধি যুক্ত করা হয়েছে। যুক্ত করা বিধান অনুসারে, ট্রাইব্যুনাল-২-এ কোনো আবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান অথবা তাঁর মনোনীত কোনো সদস্য আবেদনটি প্রথমে পরীক্ষা করবেন। তিনি আবেদনটি বিবেচনার মতো পর্যাপ্ত উপাদান পেলে তা শুনানির জন্য ট্রাইব্যুনালে পাঠাবেন। না হলে তা তাৎক্ষণিক খারিজ হবে। ট্রাইব্যুনাল-১-এ এমন কোনো বিধান নেই।আরেকটি বিধানে বলা হয়েছে, ট্রাইব্যুনালের কোনো আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে একবারের বেশি আবেদন করা যাবে না। আদেশের সাত দিনের মধ্যে এই আবেদন করতে হবে।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বুধবার প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রমে দেখা গেছে, আসামিপক্ষ একই আদেশ পুনর্বিবেচনার জন্য কয়েকবার আবেদন করেছে। এতে অহেতুক সময় নষ্ট হয়েছে।গত বছরের ২৯ জুন ট্রাইব্যুনাল-১-এর বিধিমালা সংশোধন করে আদেশ পুনর্বিবেচনার বিধান যুক্ত হয়। এই বিধান অনুসারে, ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ গঠন-সম্পর্কিত আদেশসহ ট্রাইব্যুনালের যেকোনো আদেশ পুনর্বিবেচনার আবেদন করা যায়। তবে কতবার এমন আবেদন করা যাবে, তা এতে উল্লেখ নেই।সাক্ষ্য-সম্পর্কিত ট্রাইব্যুনাল-২-এর বিধান অনুসারে, সাক্ষীকে জেরা ট্রাইব্যুনালে দেওয়া তাঁর জবানবন্দির (এক্সামিনেশন-ইন-চিফ) বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ও জবানবন্দির অসংগতি পরীক্ষা করতে জেরার স্বাধীনতা থাকবে।এ প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, এই বিধানের ফলে সাক্ষীকে জেরার সময় আইনজীবীকে মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অযথা সময় নষ্ট করার সুযোগ থাকবে না।বিধিতে পরিবর্তন: ট্রাইব্যুনাল-২-এর সদ্য প্রণীত বিধিমালায় দেখা যায়, ট্রাইব্যুনাল-১-এর সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর পাঁচটি বিধিতে পার্থক্য রয়েছে। ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলির ক্ষমতা ও কার্যপরিধি-সম্পর্কিত বিধিতে বলা আছে, আসামিপক্ষকে সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে মামলার নথিপত্রের অতিরিক্ত অনুলিপি দাখিল করতে হবে, যাতে আসামিপক্ষের আইনজীবীরা প্রস্তুতি নিতে পারেন। তবে ট্রাইব্যুনাল-২-এ এই বিধির সঙ্গে সংযুক্তি এনে বলা হয়েছে, সাক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য আসামিপক্ষকে শুধু তাঁদের নাম সরবরাহ করা হবে, সাক্ষীদের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে না।ট্রাইব্যুনাল-১-এর বিধি ৫৪(১)-এ ‘ডকুমেন্টস’ শব্দটির জায়গায় ট্রাইব্যুনাল-২-এ ‘ম্যানুসক্রিপ্ট’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।দুটি ট্রাইব্যুনালের বিধিমালায় পার্থক্য প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, ট্রাইব্যুনাল-১-এর অভিজ্ঞতার নিরিখে মামলার অহেতুক বিলম্ব বন্ধ করতে যৌক্তিক কারণে ট্রাইব্যুনাল-২ এই বিধিমালা প্রণয়ন করেছেন। এতে ট্রাইব্যুনালের কার্যক্রম ভালোভাবে চলবে এবং বিচারিক কার্যক্রমে গতি বাড়বে।