জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে আজ রোববার ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের পর্দা নামছে মালদ্বীপের সবচেয়ে দক্ষিণের দ্বীপ আদ্দু সিটিতে। ‘প্রোগ্রামিং কমিটি’ নামে পরিচিত দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ৪২তম এই অধিবেশনে আলোচিত হবে আসন্ন শীর্ষ সম্মেলনে সই হওয়া চুক্তি, ঘোষণাসহ আগামী দিনে নেওয়া হবে এমন কিছু কর্মপরিকল্পনার বিষয়বস্তু।দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) এবারকার সম্মেলনের প্রতিপাদ্য সেতুবন্ধন। এবারকার সার্ক শীর্ষ সম্মেলনে চারটি চুক্তি সই হবে বলে জানা গেছে। সার্ক শস্যভান্ডার ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি পণ্যের মানদণ্ড নিরূপণ বিষয়ে দুটি চুক্তি সই করবেন দক্ষিণ এশিয়ার নেতারা।সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণার পাশাপাশি সার্ক গণতন্ত্র সনদ গৃহীত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ভুটানের থিম্পুতে এ সনদের প্রস্তাব দেন। শীর্ষ সম্মেলনে সার্কের দশম পর্যবেক্ষক হিসেবে তুরস্কের প্রার্থিতা নিয়ে আলোচনা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ সার্কের পর্যবেক্ষকের সংখ্যা ৯।জানা গেছে, ছয় দিনের কর্মসূচি অনুযায়ী রোববার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর আগামীকাল সোমবার থেকে দুই দিনের বৈঠকে বসবেন এ অঞ্চলের পররাষ্ট্রসচিবেরা। ওই বৈঠকে চূড়ান্ত হবে শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি। এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ১০ নভেম্বর শুরু হবে শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের সহায়তা: আদ্দু সিটিতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য বেশ কিছু অবকাঠামো তৈরি করতে হয়েছে মালদ্বীপ সরকারকে। সার্বিক এ আয়োজনের জন্য মালদ্বীপকে ৫০ লাখ ডলার দিয়েছে ভারত ও চার লাখ ছয় হাজার ৮৯০ ডলার দিয়েছে পাকিস্তান। বিভিন্ন ধরনের বেশ কিছু যানবাহন দেওয়ার পাশাপাশি আদ্দু সিটিতে ছয় কিলোমিটার সড়ক তৈরিতে সহায়তা করেছে শ্রীলঙ্কা। এক কোটি ২০ লাখ ইউয়ান সমমূল্যের গাড়ি, অফিস ও রান্নাঘরের সামগ্রী এবং সিসিটিভি দিয়েছে চীন। আর বাংলাদেশ দিয়েছে সাতটি তিন টনের ট্রাক।মালদ্বীপে হাসিনা-মনমোহন বৈঠক: সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা আদ্দু সিটিতে বৈঠক করবেন। ঢাকা শীর্ষ বৈঠকের দুই মাস পর আলোচনা করবেন শেখ হাসিনা ও মনমোহন সিং। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও সার্কের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের বরাত দিয়ে আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, শেখ হাসিনা ও মনমোহন সিং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মালদ্বীপে কথা বলবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল শনিবার রঞ্জন মাথাই জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে অমীমাংসিত বিভিন্ন বিষয়ে দুই নেতা আলোচনা করবেন। তবে তাঁদের এ আলোচনায় নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি নেই। তিস্তার পানি চুক্তি নিয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে রঞ্জন মাথাই সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে পানিসম্পদ খাতে সহযোগিতা নিয়ে দুই প্রধানমন্ত্রীর কথা বলার সম্ভাবনা রয়েছে।