আধা কিলোমিটার রাস্তার জন্য চার কিলোমিটার ঘুরতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য চার কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ১২ গ্রামের মানুষকে। দুর্গাপুর গ্রামে চিত্রা নদীর ওপর নির্মিত মরহুম মহিউদ্দিন সেতুর দুই পাশে রাস্তা না হওয়ায় কষ্ট করে হেঁটে চলতে পারলেও কোনো যানবাহন চলাচলের উপায় নেই। সরেজমিনে সেতু এলাকার মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো থেকে কোটচাঁদপুর ভায়া তালসা পর্যন্ত একটি রাস্তা চলে গেছে। ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের মানুষ এবং কোটচাঁদপুরের দক্ষিণাঞ্চলের মানুষ দুই শহরের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করে। সদর উপজেলার ডাকবাংলো, নারায়ণপুর, বাথপুকুরিয়া, জহরপুর, শ্যামনগর, গোপালপুর ও দুর্গাপুর এবং কোটচাঁদুপর উপজেলার তালসার, কুশনা, মহনপুর, পারলাট ও ফুলবাড়ি গ্রামের মানুষের চলাচলের সহজ পথ এটি। এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালে এ পথে চিত্রা নদীর ওপর সেতু নির্মাণকাজ শুরু হয়। এলজিইডি ৬২ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজে ব্যয় করে ৩৫ লাখ টাকা। স্থানীয় মহিদুল ইসলাম বলেন, ‘সেতুর কাজ শুরু হলেও কিছুটা কাজ হয়ে আবার বন্ধ হয়ে যায়। শুধু পিলারগুলো নির্মাণ করে ফেলে রাখা হয়। এরপর গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেতুর বাকি নির্মাণকাজ শেষ করা হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে আধা কিলোমিটার রাস্তা পাকা এবং সেতুর দুই পাশে মাটির কাজও করা হয়নি।’ তরিকুল ইসলাম বলেন, ‘দুই পাশে মাটির কাজ না করায় সেতুটি ব্যবহার করতে পারছি না। নিজেরা দুই পাশে মাটি দিয়ে হাঁটার পথ করে নিয়েছি। কিন্তু ভ্যান-রিকশা থেকে শুরু করে কোনো যানবাহন চলাচল করতে পারে না। সেতুর উত্তর পাশে ২০০ গজ আর দক্ষিণ পাশে ৬০০ গজ রাস্তা তৈরি করা হলে সেতুটি মানুষের উপকারে আসত। এখন দুই পাশের ১২ গ্রামের মানুষ চার কিলোমিটার ঘুরে ঘাঘা সেতু দিয়ে পারাপার হয়। আর মাঝেমধ্যে কিছু যানবাহন ঝুঁকি নিয়ে পার হয়।’ এ ব্যাপারে সেতুটির নির্মাণকারী ঠিকাদার আবু সাঈদ বলেন, ‘দরপত্রে দুই পাশে মাটির কাজ না থাকায় তা করা হয়নি। তবে মাটির কাজ এবং সামান্য রাস্তা পাকা না হলে সেতুটি এলাকার মানুষের কোনো উপকারে আসবে না।’ ঝিনাইদহ সদর উপজেলার সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ‘কিছুটা মাটির কাজ করা হয়েছিল। কিন্তু বর্ষার সময় ভেসে গেছে। নতুন করে মানুষের চলাচল উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।’