আধা ঘণ্টার অবরোধে তিন কি.মি. যানজট
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুর সদরের কোনাবাড়ি এলাকায় মোয়াজ্জেম নিটিং কারখানার শ্রমিকেরা ভাঙচুর চালিয়েছেন। পরে তাঁরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় মহাসড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) দেওয়ান লালন আহম্মেদ জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বেলা আড়াইটার দিকে দুই শতাধিক শ্রমিক কারখানায় ইটপাটকেল ছোড়েন এবং জানালার কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা কারখানাসংলগ্ন টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে জয়দেবপুর ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পাওনা টাকা আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।অবরোধ তুলে নেওয়ার পরও মহাসড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানজট হয়।