আধা ঘণ্টায় ১২০ চড়! (ভিডিও)
কোমলমতি শিশুদের আদর করিয়ে পড়ানোর রীতি এখন বিশ্বজুড়েই স্বীকৃত। সেই শিশুদেরই বেদম চড় মেরে এ রীতিকে একহাত নিলেন চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইইউয়ানের এক স্কুলশিক্ষিকা। ওই শিক্ষিকা তাঁর চার শিশু শিক্ষার্থীকে আধা ঘণ্টায় ১২০ বারের বেশি চড় মেরেছেন। স্কুলের শ্রেণীকক্ষে স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে শারীরিক নির্যাতনের এই করুণ দৃশ্য।ডেইলি মেইল-এর খবরে বলা হয়, আধা ঘণ্টায় চারজন শিক্ষার্থীকে বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেন ওই শিক্ষিকা। শিক্ষার্থীরা উত্তর দিতে না পারায় তাদের ওপর নেমে আসে খড়্গ। বিষয়টি নজরে আসে এক শিক্ষার্থীর বাবার। হ্যান নামের ওই ব্যক্তি বলেন, মেয়ের গাল লাল হয়ে ফুলে থাকা দেখে তিনি সন্দেহ করেন যে শিক্ষিকা আঘাত করেছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি স্কুলের শ্রেণীকক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে যান। পরে ক্যামেরা দেখে মেয়ের ওপর নির্যাতনের বিষয়ে নিশ্চিত হন তিনি।হ্যান বলেন, ওই শিক্ষিকা আধা ঘণ্টায় তাঁর মেয়েকে ৪৩ বার চড় এবং দুবার লাথি মেরেছেন। এ ছাড়া বাকি তিনজনকে শিক্ষার্থীকেও ৪৩, ২৭ ও ১০ বার করে চড় দিয়েছেন। নির্যাতনকারী শিক্ষিকা সম্বন্ধে হ্যান বলেন, তিনি আসলে শিক্ষিকা নন, অপদেবতা। তিনি আরও বলেন, ‘শিক্ষিকা আমার মেয়েকে একটি অঙ্ক যোগ করতে বললে সে তা করতে পারবে না বলে জানায়। এ কথা শোনার পর মেয়েটিকে তিনি চড় মারতে শুরু করেন।’ মারধরের শিকার হওয়া শিশুর বাবা হ্যান বলেন, এর আগেও তাঁর শিশুর শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছেন তিনি। কিন্তু প্রতিবারই ভেবেছিলেন শিশুটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। চীনের স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মারধরের ঘটনায় শিক্ষিকাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।