আধাবেলা পর তানোরে ধর্মঘট প্রত্যাহার
স্থানীয় সাংসদের হস্তক্ষেপে রাজশাহীর তানোরে ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের প্রথম দিন আজ রোববার দুপুর পর্যন্ত উপজেলা সদরে অচলাবস্থা দেখা দেয়। সকাল থেকে দফায় দফায় মিছিল করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়। ওই সময় পর্যন্ত তানোর থেকে কোনো গাড়ি বের হতে পারেনি এবং বাইরে থেকে কোনো গাড়ি ঢুকতে পারেনি। এলাকার দোকানপাট বন্ধ ছিল।পুলিশের কর্তৃক স্থানীয় বণিক সমিতির নেতাদের লাঞ্ছিত এবং বাজারের নৈশপ্রহরীকে মারধর করার অভিযোগে ব্যবসায়ীরা দুই দিনব্যাপী ধর্মঘটের ডাক দেন। ব্যবসায়ীরা জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে তানোর বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে থেকে নৈশপ্রহরীর কমান্ডার বাবুল হোসেনকে (৩৩) পুলিশ জোরপূর্বক ধরে নিয়ে যায়। এ সময় বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পুলিশের হাতে লাঞ্ছিত হন। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ বাবুল হোসেনকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে। রাত আটটার দিকে ব্যবসায়ীরা থানা ঘেরাও করে মুচলেকা দিয়ে বাবুলকে ছাড়িয়ে এনে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে তাঁরা তানোর বাজারে দুই দিনব্যাপী ধর্মঘটের ডাক দেন। পরে আজ বেলা দুইটার দিকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এ বিষয়ে আজ সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে সাংসদের বসার কথা রয়েছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার বলেন, নৈশপ্রহরীর বিরুদ্ধে থাকা একটি অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়। তাঁকে কোনো মারধর করা হয়নি। তিনি মাদকাসক্ত। তাঁকে ধরার সময় কলাপসিবল গেটে হাত আটকে খানিকটা কেটে গেছে। এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।