আধিপত্য বিস্তার নিয়ে কিশোরগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার বিবদমান দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি গুলি ও ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের পর থেকে এলাকায় দাঙ্গাপুলিশ মোতায়েন আছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানার পাশে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা একটি মাইক্রোবাস স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে আশুতিয়াপাড়া ও চরপাড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফা ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি মীমাংসা করতে করিমগঞ্জ বণিক সমিতির কার্যালয়ে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকে না এসে চরপাড়াবাসী হামলা চালালে আশুতিয়া গ্রামের পাঁচজন আহত হয়। এ ঘটনার জের ধরে আজ সকাল ১০টার দিকে উভয় গ্রামের সহস্রাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।পুলিশ জানায়, করিমগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পার্শ্ববর্তী তাড়াইল থানা ও জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ৫০টি ফাঁকা গুলি ও ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে করিমগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সফর আলীসহ উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়।করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক আবদুল হামিদ জানিয়েছেন, সফর আলীসহ সাতজনকে এখানে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।