আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আজ রোববার ১০ জন আহত হয়েছে। সকাল ১০টার দিকে কুষ্টিয়ার টাকিমারা ত্রিমোহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন—উকিল (৪০), আবদুল গফুর (২২), রবিউল ইসলাম (১৭), রাশিদুল ইসলাম (৪০), নূরুল ইসলাম (৩৫), ঝুমুর আলী (৩৬), সোহেল আহমেদ (২৩), জাহিদুল ইসলাম (৩০) ও মিলন হোসেন (২৬)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।কুষ্টিয়া সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন ও সদস্য এনামুল হকের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে। এতে উভয়পক্ষের ওই ১০ জন আহত হয়। চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন প্রথম আলোকে জানান, গত শনিবার তাঁর ছেলের বৌভাত অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে না আসতে অতিথিদের হুমকি দিয়েছিলেন এনামুল হকের লোকজন।তবে ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘নির্বাচন এলেই চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন পরিকল্পিতভাবে এলাকা অস্থিতিশীল করে তোলেন। এবারের ইউপি নির্বাচনে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটাচ্ছেন।’ কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন সালাউদ্দিন গ্রুপের লোকজনের সঙ্গে এনামুল হক পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।