আধিপত্য বিস্তারের জেরে খুন হন বাঁশি রিপন
স্থানীয় আধিপত্য, টেন্ডারবাজি ও দলীয় কোন্দলের কারণেই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও যশোর জেলা ‘আওয়ামী তরুণ লীগের’ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ওরফে বাঁশি রিপন খুন হয়েছেন। গোয়েন্দা সংস্থা, পুলিশ, স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে রিপন হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এতে মিশনপাড়ার ফরিদ, আনোয়ার, মনি, এটমসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। তরুণ লীগ গতকাল বুধবার দুপুরে খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। দুপুরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে। সূত্র জানায়, যশোর শহরের পুরোনো কসবা কাজীপাড়া নিয়ন্ত্রণ করতেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী বাঁশি রিপন। অপরদিকে মিশনপাড়া নিয়ন্ত্রণ করেন ফরিদুল ইসলাম। ফরিদ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি যশোর সদর আসনের আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমানের সহযোগী বলে পরিচিত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং গণপূর্ত বিভাগসহ কয়েকটি বিভাগের কার্যালয় ওই অঞ্চলে অবস্থিত। ফরিদ ও রিপনের নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠার লড়াই চলছিল। এসব বিভাগের দরপত্র নিয়ন্ত্রণের জন্যই মূলত ওই দুটি এলাকায় একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল তারা। এসব কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে বাঁশি রিপন ও ফরিদ বাহিনীর মধ্যে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি রিপনের ভাগনে সনিকে শহরের আবদুর রাজ্জাক কলেজের পাশে ছুরিকাঘাত করা হয়। রিপনের লোকজন এ জন্য ফরিদের লোকজনকে দায়ী করে। ওই ঘটনায় ফরিদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরদিন শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ১৪ মার্চ যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাদা রিপন খুন হন। এটিও ওই আধিপত্য বিস্তারের জের বলে জানা যায়। সর্বশেষ গত সোমবার রাতে শহরের লালদীঘির পাড়ে বাঁশি রিপনকে গুলি করে ও বোমা মেরে হত্যা করা হয়। এসব ঘটনায় যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এক অপরকে দায়ী করে আসছেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, রিপনের ভাগনে সনিকে ফরিদের লোকজন মেরেছিল। এর জের ধরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাঁশি রিপনের নেতৃত্বে ফরিদের বাড়িতে হামলা হয়। এ কারণেই রিপন খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আলাপকালে শাহীন চাকলাদার বাঁশি রিপনকে তাঁর সহযোগী বলে স্বীকার করেন। কিন্তু হত্যার পেছনে আধিপত্য বিস্তারের কারণটি তিনি মানতে চাননি। অপরদিকে খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কে কার লোক, তা যশোরবাসী জানে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ খালেদুর রহমান জানান, তিনি কোনো সন্ত্রাসী লালন করেন না। যাঁরা নৌকায় ভোট দেন, তাঁরা সবাই তাঁর সমর্থক।