আধিপত্য সম্পাদকের সভাপতি নিষ্ক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ চলছে সাধারণ সম্পাদকের একক আধিপত্যে। তাই সভাপতি অনেকটা নিষ্ক্রিয়। এদিকে দল ও সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এতে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ড। হতাশ অনেক নেতা-কর্মী।দলীয় সূত্র জানায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে মো. জাফর আলী ও আমসা আমীনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। উভয়ে মনোনয়ন চান। কিন্তু কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পান আমসা আমীন। নির্বাচনে আমসা আমীন পরাজিত হলে তাঁর সমর্থকেরা অভিযোগ তোলেন, জাফর আলীর কারণে তাঁরা হেরেছেন। এভাবে উভয় নেতার মধ্যে মানসিক দূরত্ব বাড়তে থাকে। ২০০৩ সালের এপ্রিলে জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন আমসা আমীন। সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জাফর আলীর পক্ষ জয়ী হয়।২০০৯ সালের সংসদ নির্বাচনে উভয় নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এই আসনে প্রার্থী হন। নির্বাচনে এরশাদ কুড়িগ্রাম-৩সহ মোট তিনটি আসনে বিজয়ী হলে তিনি এই আসনটি ছেড়ে দেন। পরে উপনির্বাচনে আমসা আমীন ও জাফর আলী উভয়েই মনোয়ন চান। মনোনয়ন দেওয়া হয় জাফর আলীকে। তিনি বিপুল ভোটে জয়ী হন। এর পর থেকে আমসা আমীন অধিকাংশ সময় ঢাকায় থাকেন। কোণঠাসা হয়ে পড়েন তাঁর সমর্থকেরা। দলের কর্তৃত্ব আপনাআপনি চলে যায় জাফর আলীর হাতে।সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে রয়েছে বহু দল-উপদল। নাগেশ্বরী উপজেলা কমিটি তিন ভাগে বিভক্ত। সভাপতি মোজ্জামেল হক প্রধানী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসলাম সওদাগর এবং শিল্পপতি গোলাম মোস্তফা—এই তিনজন তিন পক্ষের নেতৃত্ব দেন।রৌমারী উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সাংসদ মো. জাকির হোসেনের সম্পর্ক খারাপ। রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু বলেন, সাংসদ হওয়ার আগে জাকির হোসেন দলের সঙ্গে ছিলেন। এখন নেই।রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর সবুর ফারুকী বলেন, অনেক দিন দলের সভা হয় না। তাই কুড়িগ্রামে যাওয়া হয় না। কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, চিলমারী ও রাজীবপুর) সাংসদ মো. জাকির হোসেনের সঙ্গে নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। তিনি নিজস্ব লোক নিয়ে চলেন। কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির সভাপতি আখতার হোসেন চিনুর সঙ্গে সাধারণ সম্পাদক ছালে আহাম্মেদ মজনুর সমন্বয় নেই। আখতার হোসেন নারী সাংসদ আহাম্মেদ নাজমীন সুলতানা নাজলির পক্ষে। আর ছালে আহাম্মেদ আছেন জাফর আলীর সঙ্গে। ছালে আহাম্মেদ বলেন, নারী সাংসদ ও তাঁর স্বামী টিআর, কাবিখা, কবিটা ভাগ করেন। কিন্তু দল জানে না। আখতার হোসেন বলেন, ‘আমি বেশির ভাগ সময় কুড়িগ্রামে থাকি। তাঁকে (ছালে আহাম্মেদ) বললেও সভা ডাকেন না।’ আখতার হোসেন বলেন, ‘গত দেড় বছরে সাংসদ জাফর আলী আমাকে কোনো কাজে একবারও ডাকেননি। তবু আমি দলের কাজ করে যাচ্ছি।’কুড়িগ্রাম পৌরসভা কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল জলিল দুই মেরুতে অবস্থান নিয়েছেন। আবদুল জলিল গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু দলের অপর অংশ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া কাজিউল ইসলামকে সমর্থন দেয়। ফলে উভয়ে পরাজিত হন। জয় লাভ করেন বিএনপি-সমর্থিত প্রার্থী।জেলা আওয়ামী লীগের সদস্য মজিদুল ইসলাম সরদার বলেন, ‘দল চলছে একক কর্তৃত্বে। যাঁরা সাংসদের পেছনে ঘোরেন, তাঁরাই বড় কর্মী। আমাদের কোনো মূূল্যায়ন নেই।’কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলক সরকার বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে জেলা কমিটি চলছে। সভাপতি এলাকায় থাকেন না, নিয়মিত সভা হয় না। এ ছাড়া কয়েকজন নেতার নিয়োগ-বাণিজ্যের কথা সবাই জানেন। এ ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘কাউন্সিল করার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানিয়েছি।’ সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কুড়িগ্রাম শান্তিপ্রিয় এলাকা। সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করি। এলাকার উন্নয়ন করতে চাই। তবে সভাপতিকে পাওয়া যায় না।’ সভাপতি আমসা আমীন বলেন, ‘নিষ্ক্রিয় থাকার অভিযোগ সত্য নয়। আমি প্রতি মাসে কুড়িগ্রামে আসি। দুঃখজনক যে সাংসদ ও সাধারণ সম্পাদক জাফর আলী গত দেড় বছরে জেলা কমিটির কোনো সভা পরামর্শ করে ডাকেননি। জিজ্ঞেস করলে বলেন, ‘‘আপনাকে পাওয়া যায় না’’।’ সভাপতি আরও বলেন, ‘তিনি (জাফর) সাংসদ নির্বাচিত হওয়ার পর শতাধিক নেতা-কর্মী নিয়ে আমি তাঁর বাসায় যাই এবং নেতা-কর্মীদের তাঁর হাতে তুলে দিয়ে বলি, আমি কোনো দ্বন্দ্বে নেই। আপনি সবার নেতা। কিন্তু তিনি একক আধিপত্যে দল চালাচ্ছেন।’