একুশে টিভির বর্ষপূর্তি উপলক্ষে প্রচার করা হচ্ছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা। আজ রাতে ‘স্টুডিও কনসার্ট’ অনুষ্ঠানে গান করবেন ফরিদা পারভীন। কথা হলো তাঁর সঙ্গে।ঢাকার বাইরে নাকি?হ্যাঁ, বরিশালে এসেছি। বাংলা নববর্ষ উপলক্ষে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (শনিবার) এখানে আমি গান করব। পয়লা বৈশাখে গান করেছি ভোলায়। ওখানকার মেয়র এক অনুষ্ঠানে গান করার জন্য আমাকে আমন্ত্রণ জানান। ভালোই হয়েছে। রোববার ঢাকায় ফিরব। রাতে একুশে টিভিতে ‘স্টুডিও কনসার্ট’ অনুষ্ঠানে গান করতে হবে।‘স্টুডিও কনসার্ট’ অনুষ্ঠানে কী ধরনের গান করার ইচ্ছা আছে?আমি তো লালনের গান করি। লালনের গান তো অবশ্যই করব। দেশের গান এবং আধুনিক গান করার ইচ্ছা আছে। আর দর্শকদের অনুরোধও তো রাখতে হবে।আপনি তো এর আগে লালনের গান নিয়ে নানা পরিকল্পনার কথা বলেছিলেন। সেগুলোর খবর কী?লালনের ১০০টি গানের স্বরলিপি তৈরির কাজ আমি অনেক দিন থেকেই করছি। আসলে এখন লালনের গানের বাণী ও সুর বিকৃতির একটা আশঙ্কা দেখছি। লালনের গানের আদি সুর সংরক্ষণের জন্যই আমি স্বরলিপি তৈরির কাজে হাত দিয়েছি। এরই মধ্যে ৫০টি গানের স্বরলিপি তৈরি হয়েছে। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ করব।আর আধুনিক প্রযুক্তিতে গান সংরক্ষণের ব্যাপারটি?২০ এপ্রিলের পর থেকে লালনের ৮০০ গান আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণের কাজ শুরু করছি। আমি তো এ পর্যন্ত লালনের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। লালনের হাতে গোনা কয়েকটি গানই সবাই বেশি শুনছে। আমি প্রচলিত এবং অপ্রচলিত দুই ধরনের গান নিয়েই কাজ করছি। যেগুলোতে কণ্ঠ দিয়েছি, সেগুলো তো আছেই; বাকিগুলোতে নতুন করে কণ্ঠ দেব। এর মধ্য দিয়েও গানগুলোর বাণী ও সুর বিকৃতির হাত থেকে রক্ষা পাবে।আপনার গানের স্কুলের কী খবর?অচিন পাখির বয়স দুই বছর হলো। অনেক ছেলেমেয়ে এখানে গান শিখছে। পাশাপাশি আমরা অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ওপর প্রশিক্ষণ দিচ্ছি। এখন বাঁশির ওপর জোর দিচ্ছি। সামনে অন্যান্য বাদ্যযন্ত্রের ওপর প্রশিক্ষণ দেব।