যশোর সেনানিবাসে প্রধানমন্ত্রী
আধুনিক সময়োপযোগী সেনাবাহিনী গঠনের চেষ্টা অব্যাহত থাকবে
আধুনিক ও সময়োপযোগী সেনাবাহিনী গঠনে সরকারের প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার যশোর সেনানিবাসে এক দরবার অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাসদস্যদের পরিবারের উন্নয়নে সরকার সব প্রচেষ্টা অব্যাহত রাখবে। খবর বাসস, আইএসপিআরের।প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমাদের সরকারের আমলে আমরা ব্যাপক উন্নয়ন, সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করি। সে সময় সেনাবাহিনীতে একটি কম্পোজিট ব্রিগেড, একটি পদাতিক ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনসহ একাধিক আর্টিলারি রেজিমেন্ট, রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, পদাতিক সাপোর্ট ব্যাটালিয়ন ফিল্ড অ্যাম্বুলেন্স ও ডিভ অর্ডন্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।’সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়।শেখ হাসিনা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরপরই সেনাসদস্যদের রেশন বাড়িয়ে বিমানবাহিনী ও নৌবাহিনীর সমান করা হয়েছে। অস্থায়ী দায়িত্বের জন্য দৈনিক ভাতা জেসিও ও অন্যান্য পদবির জন্য ৮০ থেকে ১৪০ টাকার মধ্যে আনুপাতিক হারে বৃদ্ধি, ইন এইড টু সিভিল পাওয়ারে দায়িত্ব পালনের দৈনিক ভাতা ৯ দশমিক ৭৫ টাকা থেকে ২০ টাকা এবং জেসিও ও অন্যান্য পদবির সেনাদের এলপিআরের সময়কাল চার মাস থেকে ছয় মাস করার সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে সর্বদা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গত নির্বাচনের আগে অতি স্বল্প সময়ে অল্প খরচে ভোটার তালিকা প্রণয়ন ও পরিচয়পত্র তৈরি করে সেনাবাহিনী দেশে-বিদেশে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। নির্বাচনের দিন সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও সুদক্ষভাবে পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করেছে।তিনি বলেন, ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় সেনাবাহিনী বিশেষ করে ৫৫ পদাতিক ডিভিশন যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর অবদান আজ সর্বজন স্বীকৃত। জাতিসংঘ মিশনে সর্বাধিক সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে।প্রশিক্ষণ অনুশীলন পরিদর্শন: এর আগে সেনানিবাসের বুকভরা বাঁওড় এলাকায় ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন যৌথ প্রশিক্ষণ ব্রিগেড পর্যায়ের অ্যাটাক অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অনুশীলন এলাকায় এসে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিন এবং ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মতিউর রহমান তাঁকে অভ্যর্থনা জানান।