আধুনিকতার ছোঁয়া লাগেনি সদর হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর আধুনিক সদর হাসপাতাল শুধু নামেই আধুনিক। ব্যবস্থাপনায় নেই আধুনিকতার কোনো ছোঁয়া। বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা সহকারী ও সরঞ্জামাদির অভাবে হাসপাতালের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। অথচ হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় সম্প্রসারিত করা হয়েছে প্রায় ১০ বছর আগে। অথচ কিছু কিছু ক্ষেত্রে সেবার মান আরও কমে গেছে। আগে ভর্তি হওয়া রোগীরা ২৪ ঘণ্টায় অন্তত দুবার চিকিৎসকের দেখা পেতেন। কিন্তু এখন চিকিৎসকেরা ওয়ার্ডে আসেন মাত্র একবার। আর শনিবারে চিকিৎসক আসেন ৪৮ ঘণ্টা পর। শনিবার যদি ছুটি থাকে, তাহলে ৭৬ ঘণ্টা পর একবার রোববার চিকিৎসকের দেখা পান রোগী। ১৫ সেপ্টেম্বর সদর উপজেলার তেলকুপি থেকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখে গেছেন। এরপর শনিবার সকালে এসেছেন। মাঝের এই সময় নার্সদের ভরসায় থাকতে হয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ৩৩টি চিকিৎসকের পদ থাকলেও শূন্য রয়েছে ১০টি। এর মধ্যে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, স্ত্রী-রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, প্যাথলজিস্ট, রেডিওলজিস্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য। চক্ষু বিভাগে জানে আলম ও নাইমুল হক নামের দুজন চিকিৎসক থাকলেও তাঁদের দেখা মেলা ভার। তাঁদের একজন থাকেন পাবনা ও অন্যজন রাজশাহী শহরে। বিশেষজ্ঞ সার্জন আবু বক্করও রাজশাহীতে থাকেন। তিনিও হাসপাতালে অনিয়মিত যাতায়াত করেন। ফলে হাসপাতালে জরুরি কোনো অস্ত্রোপচার সম্ভব হয় না। এ ছাড়া হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২২টি পদও খালি রয়েছে। ফলে চারদিকে নোংরা-আবর্জনা জমে থাকে। জেলা সদরের হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে হূদরোগ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পদ এখনো সৃষ্টি করা হয়নি। কাগজে-কলমে ব্লাড ব্যাংক ২৪ ঘণ্টা খোলা রাখার কথা বলা হলেও এখানে নিয়োজিত একজন কর্মচারীর পক্ষে সবসময় দায়িত্ব পালন করা সম্ভব হয় না। প্যাথলজি বিভাগে একজন চিকিৎসা সহকারী থাকলেও তাঁর পক্ষে প্রতিদিন গড়ে ১০০ রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয় না। নলডাঙ্গার মাধনগর গ্রাম থেকে আসা আছিয়া বেগম বলেন, ‘রক্ত পরীক্ষার জন্য সেই সকাল থেকে দাঁড়ায় আছি। জোহরের আজানের একটু আগে রক্ত যদিও দিলাম কিন্তু এখনো রিপোর্ট পাইনি। কাল আবার রিপোর্ট নিতি আসতি হবি। এতে তো খাজনার চেয়ে বাজনা বেশি হবি।’ এদিকে হাসপাতালটির চারটি মাইক্রোস্কোপের সবকটিই অকেজো। নিরুপায় হয়ে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাইক্রোস্কাপ ধার করে এনে কাজ চালানো হচ্ছে। দুটি আলট্রাসনোগ্রাম যন্ত্রের একটি অচল। ছয়টি ইসিজিযন্ত্রের মধ্যে সচল রয়েছে মাত্র একটি। প্রায় কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন অটোক্ল্যাব যন্ত্র। চিকিৎসাকাজে ব্যবহূত সরঞ্জামাদি দ্রুত জীবাণুমুক্ত করতে এ যন্ত্রটি খুবই জরুরি। কিন্তু পাঁচ বছর ফেলে রাখার পর সম্প্রত এটি বসানো হলে দেখা যায়, তা অকেজো হয়ে পড়েছে। হাসপাতালের একমাত্র জেনারেটরটিও নষ্ট।