আধুনিকতার পথে গণশৌচাগার
নিতান্ত বিপদে না পড়লে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কোনো গণশৌচাগারে পা মাড়ায় না কোনো পথচারী। কেন? উত্তর জানালেন ফার্মগেটের ফারুক হোসেন, পাবলিক টয়লেটে যাওয়ার কোনো পরিবেশ নেই। দরজা-জানালা ভাঙা, ঠিকমতো ছিটকিনি নেই। হাত ধোয়ার জায়গাও থাকে না টয়লেটে। নোংরা অবস্থা আর দুর্গন্ধে গা রি রি করে। নারীরা পাবলিক টয়লেটে যাওয়া তো দূরের কথা, এর নামও নিতে পারেন না।নগরের পথে-ঘাটে ছড়িয়ে থাকা ডিসিসির গণশৌচাগার সম্পর্কে প্রায় সবার অভিজ্ঞতাই ফারুক হোসেনের মতো। তবে যারা শাহবাগ ফুলের দোকানের পাশ দিয়ে ফুটপাত ধরে মোড়ের দিকে আসে, তাদের অনেকের হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। সেখানে ফুটওভারব্রিজের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে দুটো গণশৌচাগার। সফেদ টাইলসে মোড়া শৌচাগার দুটোয় বসানো হয়েছে আধুনিক সব স্যানিটারি-সামগ্রী। দুটোর গায়ে দুই রকমের চিহ্ন, যা দেখে বোঝা যায়, একটি পুরুষদের এবং অন্যটি নারীদের। শৌচাগারে পানি সরবরাহের জন্য ফুটওভারব্রিজের ফোকরে রয়েছে পানির পাম্প ও প্লাস্টিক ট্যাংক। পথের ধারে এমন গণশৌচাগার কারা করল? উত্তর পেতে কোথাও যেতে হয় না। কারণ, শৌচাগারের বাইরে ঝোলানো কাগজে লেখা রয়েছে, ‘আধুনিক পাবলিক টয়লেট, পরিচালনায় ঢাকা সিটি করপোরেশন’। এ লেখা থেকে জানা যায়, পাঁচ টাকার কুপনের বিনিময়ে শৌচাগার ব্যবহার করা যাবে।দুটি শৌচাগারের মাঝখানে কুপন নিয়ে বসে ছিলেন একজন। তিনি জানান, সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা দুজন কর্মী এখানে পালাক্রমে দায়িত্ব পালন করছেন। মাস দুয়েক আগে চালু হয়েছে শৌচাগার দুটি। মানুষ এখনো এ সম্পর্কে জানে না। তাই ব্যবহারকারীর সংখ্যা কম। ওই কর্মীর কাছ থেকে একটি কুপন নিয়ে দেখা গেল, এক টুকরো সাদা কাগজে রাবার স্ট্যাম্পের সিল বসানো হয়েছে, যাতে লেখা আছে, ‘সহকারী প্রকৌশলীর (শিশুপার্ক) দপ্তর, ঢাকা সিটি করপোরেশন’।ডিসিসির ‘আধুনিক পাবলিক টয়লেট’ সম্পর্কে সহকারী প্রকৌশলী (শিশুপার্ক) সিদ্দিকুর রহমান জানান, দুটি শৌচাগার পরীক্ষামূলকভাবে তাঁরা পরিচালনা করছেন। এগুলো নির্মাণ করেছে ডিসিসির পরিবেশ সার্কেল। তারাই শৌচাগার সম্পর্কে বিস্তারিত বলতে পারবে।যোগাযোগ করা হলে ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ সার্কেল) নুরুল আলম জানান, ২০০৯-১০ অর্থবছরে নয় লাখ টাকা ব্যয়ে শৌচাগার দুটি নির্মাণ করা হয়েছে। নগরের অন্য কোথাও আধুনিক স্যানিটারি-সামগ্রী দিয়ে গণশৌচাগার নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি জানান, তাঁরা নগরের ৪৫টি স্থান নির্বাচন করেছেন, যেখানে আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে। কিন্তু এ জন্য ২০১০-১১ অর্থবছরে ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তাই চলতি অর্থবছরে একটির বেশি আধুনিক গণশৌচাগার নির্মাণ করতে পারছে না ডিসিসি।