আধুলির নেশায় নিঃস্ব হচ্ছে মানুষ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধারিয়া গ্রামে সর্বনাশা জুয়ার রমরমা আসর বসছে নিয়মিত। কিশোর-যুবক-মাঝবয়সী—সব বয়সের মানুষ ছুটছে এ জুয়ার আসরে। জুয়ার নেশায় এলাকার মানুষ দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে, আর আঙুল ফুলে কলাগাছ হচ্ছে জুয়া পরিচালনাকারীরা। স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে এ জুয়ার আসর বন্ধে কার্যত কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে সবার চোখেমুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। নাম প্রকাশ না করার শর্তেও তাঁদের কথা বলতে ভয়। অনেক চেষ্টার পর জানা গেল, তিন বছর ধরে ধারিয়া গ্রামকে কেন্দ্র করে রমরমা জুয়ার আসর বসছে। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবার তা জমজমাটভাবে শুরু হয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে এ জুয়ার আসর বসে, আর সন্ধ্যার আগে শেষ হয়। তবে ব্যতিক্রম শুক্রবার। এদিন জুমার নামাজের পর খেলা শুরু হয়।জানা যায়, শিবগঞ্জ, কালাই ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন জুয়া খেলতে আসে। জুয়ার আসরে বোর্ড ব্যবহার করা হয়। এর একপাশে শাপলা, আরেক পাশে ফলমূলের ছবি থাকে। কখনো কখনো মাটিতে দুটি ঘর এঁকেও খেলা চলে। আগত লোকজন তাদের ইচ্ছেমতো যেকোনো ঘরে টাকা রাখে। তারপর একাধিকজন টাকা রাখার পর জুয়া পরিচালনাকারী একটি আধুলি (৫০ পয়সার কয়েন) একটি খুঁটিতে রাখে। মুখ বন্ধ করে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে বোর্ডের ওপর ফেলে। তখন ফলমূল বা শাপলা যেকোনো একটা ওপরে থাকে। ওপরে থাকা ওই প্রতীকের ঘরে যারা টাকা রেখেছিল, তাদের বোর্ডে ফেলা টাকার দ্বিগুণ দেওয়া হয়। অন্য প্রতীকের টাকা জুয়া পরিচালনাকারী নিয়ে নেয়।জানা যায়, জুয়ায় যদি কেউ সব খুইয়ে বসে, তার পরও সে ইচ্ছে করলে খেলা চালিয়ে যেতে পারে। জুয়ার বোর্ডের পাশ দিয়েই ঘুর ঘুর করে দাদন ব্যবসায়ীরা। এক দিনে এক হাজার টাকার জন্য ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত সুদ গুণতে হয়। অতি পরিচিত না হলে যে ব্যক্তি সুদে টাকা নেবে, তাকে মোটরসাইকেল, মুঠোফোন, সোনার চেইন, সাইকেল, রিকশা—এসব বন্ধক রাখতে হয়। আর পরিচিতদের শেষ পর্যন্ত জুয়ায় হারলে বাড়ি ফিরেই সুদের টাকা পরিশোধ করতে হয়, তা না হলে প্রতিদিন চক্রহারে ওই সুদের টাকা বেড়ে যায়। ধারিয়া গ্রামের অনেকের এখন জুয়ায় টাকা খাটানোই পেশা হিসেবে দাঁড়িয়েছে।গ্রামবাসী অভিযোগ করেন, পুলিশের ভয় না থাকার পরও জুয়া পরিচালনাকারীরা সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। কিচক ও ধারিয়ায় বেশ কিছু দোকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেন পুলিশ দেখলেই মুঠোফোনে আগাম সংবাদ দেওয়া হয়। এ জন্য প্রতি মাসে তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। আর স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন জায়গায় নিয়মিত পৌঁছাতে হয় বখরা। স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামের বিরুদ্ধে এ কাজগুলো সমন্বয় করার অভিযোগ রয়েছে।এ ব্যাপারে ইউপি সদস্য লোকমান হোসেন তাঁর বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘আমি জুয়াড়িদের সঙ্গে জড়িত এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আজই আমি মেম্বরের পদ থেকে ইস্তফা দেব।’ ছাইফুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জুয়া খেলা হচ্ছে কি হচ্ছে না, সে বিষয়টিই তো আমি জানি না।’ কিচক ইউনিয়নের চেয়ারম্যান আফছার আলী জানান, দীর্ঘদিন থেকে ধারিয়া গ্রামকে কেন্দ্র করে জুয়ার আসর বসছে। তিনি অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু তা বন্ধ করতে পারেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জুয়ার আসর বসার জায়গাটি ফাঁকা স্থানে হওয়ায় পুলিশ গিয়েও তাদের ধরতে পারে না।