আনন্দ উত্সবে ঈদ উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর সোমবার আনন্দ উত্সবের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। এবার ছুটি বেশি থাকায় ঈদের আনন্দও ছিল বেশি। যদিও বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মুসল্লিরা যোগ দেন ঈদের নামাজে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা এখানেই ঈদের জামাতে অংশ নেন। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সাড়ে তিন লাখেরও বেশি মুসল্লি সেখানে নামাজ আদায় করেন।ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবন ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়। ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শিশুপার্ক, জাতীয় চিড়িয়াখানাসহ বিনোদনকেন্দ্রগুলোতে ছিল বেজায় ভিড়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। বৃষ্টির কারণে অনেকেই টেলিভিশন দেখে ঈদের ছুটির সময় কাটান।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকালে বঙ্গভবনে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জাতীয় সংসদের স্পিকার, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের মানুষ ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সবাই উত্সাহের সঙ্গে এবার ঈদ উদ্যাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভালো। জিনিসপত্রের দাম ছিল কম। তবে ঈদের আনন্দেও দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দুপুরে ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আসুন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি।’ রাজধানীর বাইরে প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও উত্সবের আবহে ঈদ উদ্যাপিত হয়েছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালা প্রধান মসজিদে। চট্টগ্রামের মেয়র, সাবেক মেয়রসহ রাজনীতিবিদেরা এখানে নামাজ আদায় করেন।রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় হজরত শাহ মখদুম (র) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খুলনায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস ময়দানে। বরিশাল, সিলেট ও রংপুরেও নানা আয়োজনে ঈদ উদ্যাপিত হয়েছে।