আনুষ্ঠানিক সম্প্রচারের তৃতীয় বর্ষপূর্তির দিনটি আনন্দ ও বন্ধুত্বের উষ্ণতায় উদ্যাপন করেছে এবিসি রেডিও। গতকাল শনিবার সকাল থেকেই ছিল শ্রোতা, শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় এবিসি পরিবারে ফুরফুরে খুশির আমেজ। যাঁরা সরাসরি আসতে পারেননি, খুদেবার্তায় শুভকামনা জানিয়েছেন তাঁরাও।সকাল থেকে এবিসি কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শিল্প-সাহিত্য অঙ্গনের অনেকে। তাঁদের মধ্যে ছিলেন লাকী আকন্দ, মাহমুদুজ্জামান বাবু, শফি মণ্ডল, আজগর আলীম, হাবিব ওয়াহিদ, তপু, শাহেদ, মিলন মাহমুদ প্রমুখ। এসেছে ব্যান্ড মেঘদল, সার্কাস কলিন্স, দ্য পার্টিসহ অনেকে।বাংলাদেশের বেসরকারি এফএম রেডিওর ইতিহাসে এবিসিই প্রথম প্রতি ঘণ্টায় সংবাদ প্রচার শুরু করে। জাতীয় হোক আর আন্তর্জাতিক, এবিসি রেডিওর সাংবাদিকেরা নিরন্তর কাজ করে যাচ্ছেন শ্রোতাদের মুহূর্তের খবর মুহূর্তেই জানিয়ে দিতে।গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত চর্চায় যখন দর্শক-শ্রোতা বিরক্ত, তখন প্রমিত বাংলাচর্চার সুবাতাস নিয়ে যাত্রা শুরু করে এবিসি রেডিও। এ কারণে শ্রোতারা এবিসির সঙ্গে সহজেই একাত্ম হয়ে ওঠেন। বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার শ্রোতার কথা বিবেচনা করে এবিসি রেডিও শুরু থেকে বিনোদনে বৈচিত্র্য এনেছে। কথাবন্ধুর আড্ডা আর লোকজ, আধুনিক, রক, ক্লাসিকসহ সব ধরনের গানের মিশেলে দিনে ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন শ্রোতার সঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছে এবিসি।এবিসি ক্যাফে লাইভে গত তিন বছরে দেশের সেরা শিল্পী ও ব্যান্ডগুলো তাদের পরিবেশনা দিয়ে মাতিয়েছে এবিসির অগণিত শ্রোতাকে। প্রতি শুক্রবার এবিসি রেডিও সাম্প্রতিক ও জনস্বার্থমূলক বিষয়ে একাধিক প্রতিবেদন প্রচার করছে। জাতীয় দিবস কিংবা উৎসব-পার্বণ ঘিরে বিশেষ বিশেষ প্রতিবেদনও নিয়মিত প্রচার করছে এবিসি। সাম্প্রতিক ঘটনানির্ভর টক শো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্যের সংবাদও ফলাও করে প্রচার করছে রেডিওটি। এ ছাড়া কার্যদিবসের প্রতিদিনই এবিসি প্রচার করছে শেয়ারবাজারের প্রতিমুহূর্তের সর্বশেষ খবর। রয়েছে তরুণদের জন্য রেডিওতে প্রথমবারের মতো গিটার শেখার আয়োজন। আগামী দিনে এবিসি রেডিও শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।সামনের দিনগুলোতে সারা দেশের শ্রোতাদের চাহিদা মেটাতে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানান এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ।জন্মদিনের খুশির পাশাপাশি সব ধরনের শ্রোতাকে নিয়ে তাঁদের আরও কাছাকাছি পৌঁছাতে এবিসির প্রচেষ্টা অব্যাহত থাকবে—জন্মদিনে এই প্রত্যয় ছিল এবিসি পরিবারের।